‘ধুরন্ধর’ ছুঁল দ্রুততম ১০০০ কোটি

hq720

আর কত রেকর্ড গড়বে এই ছবি!

কলকাতা: প্রযোজক-পরিচালক আদিত্য ধর-এর ছবি ‘ধুরন্ধর’ দেশ–বিদেশ মিলিয়ে মোট ১০০০ কোটি টাকা আয় করে ফেলেছে। ২০২৫ সালে এটি এখন পর্যন্ত বক্স অফিসে সর্বাধিক ব্যবসা করা ভারতীয় ছবি হয়ে উঠেছে। এর আগে এ বছর কান্তারা চ্যাপ্টার ১ বিশ্বজুড়ে ৮৫০ কোটি টাকা আয় করেছিল। কিন্তু ধুরন্ধর মাত্র ২১ দিনেই হাজার কোটির ঘর ছুঁয়ে ফেলেছে।
হিন্দি বক্স অফিসে ছবিটির মোট আয় ৬৬৮.৮০ কোটি। অন্যান্য ভারতীয় ভাষা মিলিয়ে এই অঙ্ক দাঁড়িয়েছে ৭৮৯.১৮ কোটি। বিদেশের বাজারে ছবিটি আরও ২১৭.৫০ কোটি আয় করেছে। সব মিলিয়ে বৃহস্পতিবার পর্যন্ত ধুরন্ধর-এর মোট সংগ্রহ ১০০৬.৭ কোটি।
প্রথম ও দ্বিতীয় সপ্তাহেই রেকর্ড আয়:
রণবীর সিং, অক্ষয় খন্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল ও সারা অর্জুনকে নিয়ে, পাকিস্তানের করাচি শহরের লিয়ারি টাউনের গ্যাংওয়ার এবং এক ভারতীয় এজেন্টকে কেন্দ্র করে তৈরি এই ছবি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। ইতিমধ্যেই ছবি চতুর্থ সপ্তাহে প্রবেশ করেছে। আশ্চর্যের বিষয়, মুক্তির প্রথম সপ্তাহের চেয়ে দ্বিতীয় সপ্তাহে ছবির আয় আরও বেড়েছে।
৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ধুরন্ধর প্রথম সপ্তাহে ২১৮ কোটি, দ্বিতীয় সপ্তাহে ২৬১.৫০ কোটি, এবং তৃতীয় সপ্তাহে ১৮৯.৮০ কোটি আয় করেছে। এভাবে হিন্দি বক্স অফিসে ছবিটির মোট সংগ্রহ হয়েছে ৬৬৮.৮০ কোটি।
চতুর্থ সপ্তাহেও ভালো ব্যবসার আশা:
তৃতীয় সপ্তাহেও ছবিটি ভালোই ব্যবসা করেছে—শুক্রবার ২৩.৭০ কোটি, শনিবার ৩৫.৭০ কোটি এবং রবিবার ৪০.৩০ কোটি। বড়দিনের ছুটির দিনে (বৃহস্পতিবার) আরও ২৮.৬০ কোটি উঠে এসেছে। সামনে বড়দিন ও নববর্ষের মরসুম থাকায় অনুমান করা হচ্ছে, চতুর্থ সপ্তাহেও আয়ের ধারা শক্তিশালী থাকবে।
৫০ বছরে সবচেয়ে আলোচিত ছবি:
অনেক বছর পর এমন একটি ছবি এসেছে, যার নিয়ে সাধারণ দর্শকদের মধ্যে প্রচুর আলোচনা হচ্ছে। ধুরন্ধর-এ প্রধান চরিত্রে রণবীর সিং ও অক্ষয় খন্না বিশেষভাবে নজর কেড়েছেন। অন্যান্য অভিনেতারাও নিজেদের ভূমিকায় দুর্দান্ত কাজ করেছেন। আদিত্য ধর-এর পরিচালনাও প্রশংসিত হচ্ছে। ছবির গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। খ্যাতনামা চলচ্চিত্রকার রাম গোপাল ভার্মা বলেছেন, গত ৫০ বছরের মধ্যে এমন আলোচিত ছবি আর আসেনি।
১০০০ কোটির বেশি আয় করা ভারতীয় ছবি:
দঙ্গল — ২০৫৯ কোটি।
বাহুবলি ২ — ১৮০৩ কোটি।
পুষ্পা ২ — ১৭৮৫ কোটি।
আরআরআর — ১২৭৫ কোটি।
কেজিএফ চ্যাপ্টার ২ — ১২০৬ কোটি।
জওয়ান — ১১৬৩ কোটি।
পাঠান — ১০৬৯ কোটি।
কল্পি ২৮৯৮ এ.ডি. — ১০৫৪ কোটি।
ধুরন্ধর — ১০০৬ কোটি ।

About Author

Advertisement