ধাদিং: নেপালের ধাদিং জেলায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে এবং ২৮ জন আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, পোখরা থেকে কাঠমান্ডু যাচ্ছিল গ ১ খ ১৪২১ নম্বরের বাসটি সোমবার ভোর প্রায় ১টা ৩০ মিনিটে বেনিঘাট রোরাং গ্রামপালিকা–৫ এলাকার পৃথ্বী লোকমার্গ থেকে পিছলে ত্রিশূলী নদীতে পড়ে যায়।
সশস্ত্র পুলিশ বাহিনীর মুখপাত্র বিষ্ণুপ্রসাদ ভট্ট জানান, এ পর্যন্ত ১৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
পুলিশের মতে, বাসটিতে মোট ৪৫ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ৪৩ জন পোখরা থেকে এবং দুজন মুগলিন থেকে বাসে ওঠেন।

মৃত ও আহতদের পরিচয় শনাক্তকরণের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, ত্রাণ ও উদ্ধারকাজের জন্য সশস্ত্র পুলিশ বাহিনীর দুর্যোগ ব্যবস্থাপনা দল এবং ডুবুরিদের মোতায়েন করা হয়েছে। ঘটনাটির তদন্ত অব্যাহত রয়েছে।









