ডিএ নিয়ে শীর্ষ আদালতে কনটেম্পট পিটিশন ফাইল সংগ্রামী যৌথ মঞ্চের

dae-da-dearness-allowance-da-hike_67add252ea3d8e79988e7633af079540

নয়াদিল্লি: ফের ডিএ ইস্যুতে লড়াই শীর্ষ আদালতে। কারণ, এখনও মেলেনি বকেয়া ডিএ-র ২৫ শতাংশ৷ সেই কারণে, আবারও সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হতে চলেছে ডিএ আন্দোলনকারী সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ৷ এবার কনটেম্পট পিটিশন ফাইল করল তারা। এর আগে ১৩ ফেব্রুয়ারি আইনি নেটিস দিয়ে তিন দিনের মধ‍্যে সর্বোচ্চ আদালতের নির্দেশ কার্যকর করতে বলা হয়েছিল। সেটা না হওয়াতেই সর্বোচ্চ আদালতের দ্বারস্থ সংগ্রামী যৌথ মঞ্চ বলে খবর। আদালত অবমাননার মামলার পথে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজও। আদালত সূত্রে খবর, আগামী সপ্তাহে মামলা শুনানির সম্ভাবনা।
প্রসঙ্গত, বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার জন্য গত ৫ ফেব্রুয়ারি রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু, আন্দোলনকারীদের অভিযোগ, সুপ্রিম-নির্দেশের এক সপ্তাহ পরেও বকেয়া ডিএ মেটানোর বিষয়ে কোনও হেলদোল করেনি রাজ্য সরকার। এই পরিস্থিতিতে এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ডিএ মামলাকারীরা আইনি নোটিস পাঠিয়েছিলেন পশ্চিমঙ্গের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং অর্থসচিব প্রভাতকুমার মিশ্রকে। সেই আইনি নোটিসে বলা হয়েছিল, গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের জারি করা ডিএ মামলার নির্দেশকে ইচ্ছাকৃত এবং সজ্ঞানে লঙ্ঘন করা হয়েছে। যা প্রকৃতপক্ষে আদালত অবমাননার সমান।
মামলার খবর সামনে আসার পরে বিজেপি নেতা সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া, ‘এই রাজ্য সরকার ডিএ দেবে না। তার বিরুদ্ধে কর্মচারীরা আদালতে গিয়ে লড়াই করছে। তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। ভারতের জনতা পার্টির সরকার আর কয়েক মাস পরেই গঠন হতে চলেছে। সেই সরকার এসে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার ব্যবস্থা আমাদের রাজ্য সরকারই কর্মচারীদের জন্য করবে।’

About Author

Advertisement