বেঙ্গালুরু: কর্নাটক স্টেট ক্রিকেট এসোসিয়েশন (কেএসসিএ), যার নেতৃত্বে রয়েছেন বেঙ্কটেশ প্রসাদ বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়াম এ ভারতের কিংবদন্তি ক্রিকেটার অনিল কুম্বলে ও রাহুল দ্রাবিড় এর নামে স্ট্যান্ড নামকরণের সিদ্ধান্ত নিয়েছে।
কুম্বলে টেস্ট ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে সর্বাধিক উইকেট নেওয়া বোলার, আর দ্রাবিড় টেস্টে সচিন তেন্ডুলকর এর পর ভারতের হয়ে সর্বাধিক রান সংগ্রহ করেছেন। দু’জনেই ভারতীয় দলের অধিনায়ক ছিলেন এবং পরবর্তীতে জাতীয় দলের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
কুম্বলে বলেন, “আমাদের সবার অবদানেই কর্ণাটক ক্রিকেট আজ এই উচ্চতায় পৌঁছেছে এবং কর্ণাটক ক্রিকেটই আমাদের গড়ে তুলেছে। কোন স্ট্যান্ডে কার নাম রয়েছে, সেটাই আসল বিষয় নয়। সবার অবদানকে স্বীকৃতি দেওয়াই সবচেয়ে বড় কথা। এখন এই নামগুলো স্টেডিয়ামে চিরস্থায়ী হয়ে থাকবে।”
দ্রাবিড় ও কুম্বলের পাশাপাশি ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শান্তা রাঘবস্বামী এর নামেও একটি স্ট্যান্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুম্বলে বলেন, “আমার সহ-ক্রিকেটার রাহুল দ্রাবিড় ও শান্তা রঙ্গাস্বামীকেও কর্ণাটক ও ভারতীয় ক্রিকেটে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য সম্মানিত করা হচ্ছে। সবাইকে অভিনন্দন।”
দ্রাবিড় বলেন, “এই (চিন্নাস্বামী স্টেডিয়াম) আমার কাছে দ্বিতীয় বাড়ির মতো।” কুম্বলেও বলেন, “আমরা এখানে নিজেদের বাড়ির চেয়েও বেশি সময় কাটিয়েছি। এই জায়গা আমাদের অসংখ্য আনন্দ দিয়েছে, কখনও হতাশাও এসেছে। কিন্তু আজ আমি যা কিছু, তার পেছনে এই মাঠের অবদান রয়েছে। কেএসসিএ ও এই ঐতিহ্যবাহী মাঠ আমাকে জীবনে যা দিয়েছে, তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ।”









