চন্দ্রবাবু নাইডু গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন

10745_31_1_2026_17_13_48_1_IMG_20260131_WA0079

অমরাবতী: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু ২৪ ঘণ্টার মধ্যে ৪,০০০টি ‘সুপার সাইকেল’ (ই-সাইকেল) বিতরণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করেছেন। মুখ্যমন্ত্রী তাঁর নিজস্ব বিধানসভা কেন্দ্র কুপ্পামে সম্প্রতি এই ই-সাইকেলগুলি বিতরণ করেন। নির্ধারিত ৫,৫৫৫টি ই-সাইকেলের মধ্যে মাত্র ২৪ ঘণ্টায় ৩,৭৪২টি সাইকেল বিতরণ করেই তিনি এই রেকর্ড গড়েন।
মঙ্গলবার জারি করা এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, এই রেকর্ড নারী ক্ষমতায়ন ও টেকসই উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ সাফল্য। বিবৃতিতে বলা হয়, “মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু ৩১ জানুয়ারি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম অন্তর্ভুক্ত করেছেন। ৫,৫৫৫টি সুপার সাইকেল বিতরণের সময় এই রেকর্ড গড়া হয়েছে, যার মধ্যে ৩,৭৪২টি সাইকেল একদিনেই বিতরণ করা হয়।”
৩১ জানুয়ারি থুমসি গ্রামে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ‘সুপার সাইকেল’-কে আত্মবিশ্বাস ও অর্থনৈতিক স্বাধীনতার প্রতীক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই উদ্যোগ নারী ও ছাত্রীদের ক্ষমতায়নের পাশাপাশি পরিবেশ সুরক্ষায়ও সহায়ক হবে।


টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু আরও জানান, ই-সাইকেল চার্জ করতে সৌর প্যানেল ব্যবহার করা যেতে পারে, যার ফলে নারী ও ছাত্রীরা প্রতি মাসে প্রায় ১,৫০০ টাকা পর্যন্ত জ্বালানি খরচ সাশ্রয় করতে পারবেন। এই প্রকল্পের উপভোক্তাদের মধ্যে রয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, গ্রাম সচিবালয়ের কর্মী, অঙ্গনওয়াড়ি শিক্ষিকা, আশা কর্মী এবং অন্যান্য কর্মজীবী নারী।

About Author

Advertisement