কোচবিহার: দিনহাটার প্রাচীন ব্যবসায়িক প্রাণকেন্দ্র চওড়াহাট বাজারের মাছ মাংস এবং কাঁচামালের শেডঘর বিপদজনক অবস্থায় থাকায় অবিলম্বে নতুন করে সংস্কারের দাবী জানালো দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতি। সংগঠনের পক্ষ থেকে চওড়াহাট বাজারের পাশাপাশি দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকায় থাকা হাটবাজার গুলির উন্নয়নের দাবিতে কোচবিহার জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির সচিব কে দাবিপত্র দিল দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতি। সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক রানা গোস্বামীর নেতৃত্বে এক প্রতিনিধিদল নিয়ন্ত্রিত বাজার সমিতির সচিবের সাথে দেখা করে তার হাতে এই দাবিপত্র তুলে দেন। সংগঠনের সম্পাদক রানা গোস্বামী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে দিনহাটার চওড়াহাট বাজার ছাড়াও মহাকুমার বেশ কিছু বাজারের অবস্থা বেহাল হয়ে পড়েছে। সেটা নিয়ে আমরা ইতিপূর্বে প্রশাসনের কাছে দাবি জানিয়েছি। তারপরেও বাজার গুলির বেহাল অবস্থার কোন পরিবর্তন হয়নি। বাজারগুলির উন্নয়ন এবং ক্রেতা-বিক্রেতাদের স্বার্থে অবিলম্বে বাজারগুলি সংস্কার না করা হলে আগামীতে গোটা বিষয়টি আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায় এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কাছে জানাবো। রানা গোস্বামী জানিয়েছেন, বাজারগুলি সংস্কারের জন্য কোচবিহার জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির সচিবের কাছে দাবি জানানো হয়েছে। সেই দাবিগুলির মধ্যে রয়েছে,প্রাচীন চওড়াহাট বাজারের পশ্চিম প্রান্তে মাছ-মাংস ও কাঁচামালের দোকানগুলির যে শেডঘর তার বিপদজনক অবস্থার কথা তুলে ধরা হয়। বাজারে স্টল গুলি বেআইনিভাবে বিক্রি হয়ে যাচ্ছে। এমনকি একশ্রেণীর ব্যবসায়ী দু’টি স্টলের মাঝে যে দেওয়াল রয়েছে তা ভেঙ্গে দোকান বড় করায় বিল্ডিং এর যেমন ক্ষতি হচ্ছে তেমনি এই কাজ বেআইনি বলেও পদক্ষেপ গ্রহণের দাবী জানানো হয়েছে। পাশাপাশি দিনহাটার গ্রামীণ বাজারগুলির সার্বিক সংস্কার ছাড়াও জঞ্জাল ও নিকাশী নালা পরিষ্কার ছাড়াও শৌচালয় গুলি পরিষ্কার পরিচ্ছন্নতা, বাসন্তীরহাট, গোবরাছড়া, বামনহাট বিভিন্ন বাজারে নতুন স্টল নির্মাণ করে ব্যবসায়ীদের মধ্যে বন্টন সহ বিভিন্ন দাবি জানানো হয়েছে। নিয়ন্ত্রিত বাজার সমিতি কোনও রকম পদক্ষেপ গ্রহণ না করলে প্রয়োজনে আমরা মুখ্যমন্ত্রী কাছেও দাবি জানাবো।









