কোটা: রাজস্থানের কোটা থেকে এল এক হৃদয়বিদারক খবর। ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির প্রস্তুতির স্বপ্ন নিয়ে কোচবিহার থেকে কোটা গিয়েছিল যে ছাত্র, তার জীবন শেষ হয়ে গেল এক মুহূর্তের দুর্ঘটনায়। কোটার তালওয়ান্দি এলাকায় একটি বহুতল রেস্তোরাঁ ভেঙে পড়ে মৃত্যু হল কোচবিহারের বাসিন্দা অনরণ্য কর্মকারের। গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁর মা সুদীপ্তা কর্মকার।বক্সীবাড়ি এলাকার বাসিন্দা অনরণ্য সেন্ট মেরি’জ স্কুলের ছাত্র ছিল। ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য কোচিং নিতে সম্প্রতি মায়ের সঙ্গে কোটা যান সে। শনিবার মা ছেলে একসঙ্গে তালওয়ান্দি এলাকার একটি রেস্তোরাঁয় যান। সেই সময় আচমকাই তিনতলা ওই রেস্তোরাঁ-সহ পুরো বিল্ডিংটি হুড়মুড় করে ভেঙে পড়ে। দেওয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় অনরণ্যের। মারাত্মক আহত অবস্থায় তাঁর মা-কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।ঘটনার খবর পেয়ে অনরণ্যের বাবা অভিজিৎ কর্মকার কোচবিহার থেকে কোটা পৌঁছেছেন। কোচবিহারের পুলিশ সুপার জানিয়েছেন, এই মুহূর্তে পরিবারের অন্য সদস্যরা কেউ জেলায় নেই।এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর মিলেছে এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃত ও আহতের সংখ্যা বাড়তে পারে বলেও মনে করছেন প্রশাসনের আধিকারিকরা।কোটার ডিভিশনাল কমিশনার অনিল কুমার আগরওয়াল জানিয়েছেন, ওই জায়গায় নতুন একটি বিল্ডিং নির্মাণের কাজ চলছিল, যা সম্পূর্ণ হয়নি। নির্মাণকাজ চলাকালীনই পুরো কাঠামো উপর থেকে নিচ পর্যন্ত ভেঙে পড়ে।











