কামাখ্যাগুড়ি: সাধারণ মানুষের সুবিধার জন্য নতুন ওয়েবসাইট চালু করল কুমারগ্রাম ব্লক প্রশাসন। ব্লক অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই খবর জানান কুমারগ্রাম ব্লকের বিডিও সন্দীপ ধাড়া। উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি ওই ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আলিপুরদুয়ারের জেলাশাসক আরডট বিমলা। কুমারগ্রাম ব্লক সম্পর্কিত নানা তথ্য রয়েছে ওই ওয়েবসাইটে। এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্প ও সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে ওই ওয়েবসাইটে। কুমারগ্রাম ব্লকের বিডিও সন্দীপ ধাড়া বলেন, ‘রাজ্য সরকারের সব ধরনের প্রকল্প সম্পর্কে ওয়েবসাইটে তথ্য দেওয়া রয়েছে। প্রকল্প গুলির সুবিধা পেতে হলে কী কী যোগ্যতা প্রয়োজন, কোন কোন নথিপত্র প্রয়োজন, এইসব তথ্য বিস্তারিতভাবে রয়েছে ওয়েবসাইটে। সাধারণ মানুষ ওয়েবসাইটের মাধ্যমে সরকারি প্রকল্প গুলির আবেদনপত্রও ডাউনলোড করতে পারবেন।’ বিডিও সন্দীপ ধাড়া আরও বলেন, ‘একটি আবেদনপত্র সংগ্রহের জন্য সাধারণ মানুষকে আর ব্লক অফিসে আসার দরকার নেই। যেকোনও বাংলা সহায়তা কেন্দ্র কিংবা নিজের গ্রাম পঞ্চায়েত অফিস থেকে ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র ডাউনলোড করে নিতে পারবেন সাধারণ মানুষ। ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্যও আবেদন করা যাবে। ২ মাসের প্রচেষ্টায় ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।










