ইন্ডিয়ান ওয়েলস, দানিল মেদভেদেভ শীর্ষ বাছাইপ্রাপ্ত কার্লোস আলকারাজকে এ বছরের প্রথম পরাজয়ের স্বাদ দিলেন এবং সোজা সেটে জয়লাভ করে ইন্ডিয়ান ওয়েলস টেনিস প্রতিযোগিতার পুরুষ এককের ফাইনালে প্রবেশ করলেন। এর ফলে আলকারাজের টানা ১৬টি ম্যাচের জয়ের ধারাও শেষ হয়ে গেল। মেদভেদেভ অর্ধসমাপনী খেলায় আলকারাজকে ৬-৩, ৭-৬ (৩) ব্যবধানে পরাজিত করেন।
ফাইনালে রাশিয়ার একাদশ বাছাইপ্রাপ্ত খেলোয়াড় মেদভেদেভের মুখোমুখি হবেন ইতালির দ্বিতীয় বাছাইপ্রাপ্ত ইয়ানিক সিনার। সিনার অর্ধসমাপনী খেলায় আলেকজান্ডার জভেরেভকে ৬-২, ৬-৪ ব্যবধানে পরাজিত করেন।
স্পেনের আলকারাজ এর আগে এ বছর টানা ১৬টি ম্যাচ জিতেছিলেন, যার মধ্যে অস্ট্রেলিয়ান ওপেন ও কাতার ওপেনের শিরোপাও রয়েছে। এই জয়ের মাধ্যমে মেদভেদেভ আলকারাজ ও সিনারের মধ্যে আরেকটি সম্ভাব্য ফাইনালের পথও বন্ধ করে দেন।
এর আগে আলকারাজের বিরুদ্ধে শেষ চারটি ম্যাচেই মেদভেদেভ পরাজিত হয়েছিলেন, যার মধ্যে ২০২৪ সালে ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালের পরাজয়ও অন্তর্ভুক্ত ছিল। ২০২৩ সালে যুক্তরাষ্ট্র উন্মুক্ত টেনিসের অর্ধসমাপনী খেলার পর আলকারাজের বিরুদ্ধে এটি মেদভেদেভের প্রথম জয়।
অন্যদিকে সিনার মাত্র ১ ঘণ্টা ২৩ মিনিটে জভেরেভকে পরাজিত করেন। চতুর্থ বাছাইপ্রাপ্ত জভেরেভের বিরুদ্ধে খেলায় সিনার ৬টি সরাসরি পয়েন্ট আদায়কারী সার্ভ করেন। এই জয়ের ফলে জার্মান খেলোয়াড়ের বিরুদ্ধে সিনারের জয়-পরাজয়ের হিসাব দাঁড়াল ৭-৪।









