কামাখ্যাগুড়ির মরা রায়ডাকে ফেলা নোংরা-আবর্জনা, সমস্যা সমাধানের লক্ষ্যে সভা

IMG-20260208-WA0000

কামাখ্যাগুড়ি : নোংরা-আবর্জনা ফেলা হচ্ছে কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ির মরা রায়ডাক নদীতে। ফলে নোংরা-আবর্জনায় ভরাট হয়ে যাচ্ছে মরা রায়ডাক নদী। এই সমস্যা সমাধানের লক্ষ্যে শনিবার কামাখ্যাগুড়িতে জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের নিয়ে সভা করলেন কুমারগ্রাম ব্লকের বিডিও সন্দীপ ধাড়া। সভা থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি নোংরা-আবর্জনার বিষয়টি দেখবে। এছাড়াও এদিন বিডিও কামাখ্যাগুড়ি বাজারে ঘুরে ব্যবসায়ীদের বাজার পরিস্কার-পরিচ্ছন্ন রাখার কথা বলেন। মরা রায়ডাক নদীতে যেনো নোংরা-আবর্জনা না ফেলা হয়, সেই বিষয়েও ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এদিন বিডিও ছাড়াও উপস্থিত ছিলেন কামাখ্যাগুড়ি-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান একাদশী দাস (রায়), কামাখ্যাগুড়ি-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুনমুন রাভা সহ অন্যরা। কামাখ্যাগুড়ির মরা রায়ডাক নদীবক্ষে নোংরা-আবর্জনা ফেলার অভিযোগ নতুন নয়। দীর্ঘদিন থেকেই ওই নদীতে নোংরা-আবর্জনা ফেলা হচ্ছে বলে অভিযোগ। নদীতে জল না থাকার কারণে নোংরা-আবর্জনা জমে থাকছে। ছড়াচ্ছে দূষণ। এই সমস্যা সমাধানের লক্ষ্যে এদিন বিডিও স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের নিয়ে সভা করেন। এছাড়াও মরা রায়ডাক নদী পরিদর্শন করেন বিডিও সহ অন্যরা। বিডিও সন্দীপ ধাড়া বলেন, ‘বাজারের নোংরা-আবর্জনার বিষয়টি দেখার জন্য একটি কমিটি তৈরি করা হয়েছে। বাজার যেন পরিস্কার-পরিচ্ছন্ন থাকে, সেই বিষয়টি ওই কমিটি দেখবে।’

About Author

Advertisement