হায়দ্রাবাদ: সানরাইজার্স হায়দ্রাবাদের নিয়মিত ক্যাপ্টেন প্যাট কমিন্স বর্তমানে কোমরের চোটের সঙ্গে লড়ছেন। এজন্য তিনি আইপিএল ২০২৬-এর শুরুতে কয়েকটি ম্যাচে খেলা থেকে বিরত থাকতে পারেন। নিয়মিত ক্যাপ্টেনের চোট সানরাইজার্সের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কমিন্সের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেওয়ার জন্য বর্তমানে দুটি নাম আলোচনা চলছে। কমিন্স ডিসেম্বর ২০২৫-এ অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচের পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নেননি। ওয়েস্ট ইন্ডিজ সফরে তার কোমরের নীচের অংশে লাম্বার বোন স্ট্রেস ইনজুরি হয়েছিল। এর ফলে তিনি দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। সেই চোটের কারণে তিনি অ্যাশেজ সিরিজের বাকি ম্যাচ এবং টি২০ বিশ্বকাপ থেকেও অনুপস্থিত ছিলেন।
বর্তমানে কমিন্সের অনুপস্থিতিতে সানরাইজার্সের নেতৃত্ব দেওয়ার জন্য দুইজন ভারতীয় ক্রিকেটার অভিষেক শর্মা এবং ইশান কিশান সবচেয়ে এগিয়ে আছেন। উভয়েই দলের গুরুত্বপূর্ণ অংশ এবং সাম্প্রতিক সময়ে অসাধারণ পারফরম্যান্স করেছেন। ইশান কিশান আইপিএল ২০২৫ থেকে সানরাইজার্সের অংশ। তিনি সম্প্রতি নিজের নেতৃত্বে ঝাড়খণ্ডকে সাঈদ মুস্তাক আলী ট্রফি জিতিয়েছেন। অন্যদিকে, অভিষেক শর্মা দীর্ঘ সময় ধরে সানরাইজার্সের অংশ। তিনি আইপিএল ২০১৯ থেকে এই ফ্র্যাঞ্চাইজিতে রয়েছেন। সেই সময় থেকেই তিনি দলের কৌশলগত পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন।
ইশান ও অভিষেক সম্প্রতি অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। উইকেটকিপার ব্যাটার ইশান টুর্নামেন্টে তিনটি অর্ধশতকের সাহায্যে দলকে চ্যাম্পিয়ন হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অভিষেক ফাইনালে বিধ্বংসী ব্যাটিং করে ১৮ বলেই অর্ধশতক করেছেন। ভারত ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, কমিন্স বর্তমানে চোটমুক্তির প্রক্রিয়ায় আছেন এবং মাঠে ফেরার আগে তাকে ফিটনেস টেস্ট পাশ করতে হবে। কমিন্স ফিট না হওয়া পর্যন্ত ইশান বা অভিষেকে একজনই দলের নেতৃত্ব দেবেন।
আইপিএল ২০১৬-এর চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল ২০২৬-এ প্রথম ম্যাচ খেলবে ২৮ মার্চ। আইপিএল ২০২৬-এর প্রথম ম্যাচে সানরাইজার্সের মুখোমুখি হবে গত বছরের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে।









