দুবাই: ইরানে গত মাসে দেশজুড়ে হওয়া বিক্ষোভ দমনে অভিযানে মৃতের সংখ্যা কমপক্ষে ৭,০০২ জনে পৌঁছেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি’। সংস্থাটির দাবি, বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ফলে অন্তত ৭,০০২ জন প্রাণ হারিয়েছেন।
এর আগে ২১ জানুয়ারি ইরান সরকার আনুষ্ঠানিকভাবে মৃতের সংখ্যা ৩,১১৭ জন বলে জানায়। অতীতেও অশান্তির সময় সরকার মৃত্যুর প্রকৃত সংখ্যা কম দেখানো বা প্রকাশ না করার অভিযোগের মুখে পড়েছে। ইন্টারনেট ও আন্তর্জাতিক ফোন পরিষেবা ব্যাহত থাকায় ‘অ্যাসোসিয়েটেড প্রেস’ স্বাধীনভাবে মৃতের প্রকৃত সংখ্যা যাচাই করতে পারেনি।
মানবাধিকার সংস্থার এই দাবি এমন সময় সামনে এলো, যখন ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রয়েছে। তবে কোনও সম্ভাব্য পরমাণু চুক্তি আদৌ হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।










