ইরানের নেতাদের নিয়ে ট্রাম্পের কঠোর দাবি

Donald-Trump-2

দুবাই: মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়ায় তাঁকে অন্তর্ভুক্ত করা উচিত। এমন এক সময়ে ট্রাম্পের এই মন্তব্য সামনে এসেছে, যখন ইরানের ওপর আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলা অব্যাহত রয়েছে এবং এর জবাবে ইরানও অঞ্চলে ইসরায়েল ও আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।
ট্রাম্প বলেন, হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনেই-এর স্থলাভিষিক্ত হিসেবে তাঁর পুত্র মোজতবা খামেনেই-কে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা “গ্রহণযোগ্য নয়”।
এক মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের এই মন্তব্য নতুন প্রশ্ন তুলেছে—আমেরিকা ও ইসরায়েল কি ইরানের ইসলামী প্রজাতন্ত্রকে উৎখাত করতে চায়, নাকি শুধু তাদের নীতিতে পরিবর্তন আনাই লক্ষ্য। বিশ্লেষকদের মতে, এই সংঘাত দীর্ঘমেয়াদি রূপ নিতে পারে। ইতিমধ্যে এই যুদ্ধের প্রভাব পশ্চিম এশিয়া সহ অন্তত ১৪টি দেশে পড়েছে। আজারবাইজান বৃহস্পতিবার ইরানের বিরুদ্ধে ড্রোন হামলার অভিযোগ তুললেও ইরান সেই অভিযোগ অস্বীকার করেছে।
ইরানের নতুন করে হামলা:
বৃহস্পতিবার সকালে ইরান নতুন করে ইসরায়েল ও আমেরিকার একাধিক ঘাঁটিতে হামলা চালায়। পাশাপাশি সতর্ক করে জানায়, ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজ টর্পেডো হামলায় ডুবিয়ে দেওয়ার ঘটনায় আমেরিকাকে এর ফল ভোগ করতে হবে।
ইরান-সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ বাড়তে থাকায় ইসরায়েল রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ব্যাপকভাবে এলাকা খালি করার নির্দেশ দিয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষীরা জানিয়েছেন, ইসরায়েলি সেনার অতিরিক্ত বাহিনী সীমান্ত অতিক্রম করার পর দক্ষিণ লেবাননে স্থলযুদ্ধ শুরু হয়েছে। একই সঙ্গে ইরানের বিভিন্ন স্থানে আমেরিকা ও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে, যেখানে ইরানের সামরিক সক্ষমতা, নেতৃত্ব এবং পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করা হয়েছে।
এখন পর্যন্ত হাজারো মানুষের মৃত্যু:
পাল্টা আক্রমণে ইরান আরব অঞ্চলের প্রতিবেশী দেশগুলিকেও লক্ষ্যবস্তু করেছে। এর ফলে তেল সরবরাহ ব্যাহত হয়েছে এবং আন্তর্জাতিক বিমান চলাচলেও বড় প্রভাব পড়েছে। সংশ্লিষ্ট দেশগুলির কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এই যুদ্ধে ইরানে অন্তত ১,২৩০ জন, লেবাননে ১২০ জনের বেশি এবং ইসরায়েলে প্রায় এক ডজন মানুষের মৃত্যু হয়েছে। হামলায় ছয়জন মার্কিন সেনাও নিহত হয়েছে।

About Author

Advertisement