লন্ডন: ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে গত মৌসুমের চ্যাম্পিয়ন লিভারপুলকে হার মানতে হয়েছে, অন্যদিকে ম্যানচেস্টার সিটি তাদের ম্যাচে জয় পেয়েছে। শনিবার রাতে খেলা ম্যাচে লিভারপুল বোর্নমাউথের কাছে ৩-২ গোলে পরাজিত হয়। এই হারে লিভারপুলের শিরোপা ধরে রাখার অভিযান বড় ধাক্কা খায়।
ম্যাচের শুরুতেই দুই গোল হজম করার পর লিভারপুল সর্বোচ্চ চেষ্টা করলেও হার এড়াতে পারেনি। এই অ্যাওয়ে ম্যাচে ৬৭ শতাংশ বল দখলে রেখে খেলা লিভারপুলের হয়ে ভার্জিল ভ্যান ডাইক বিরতির ঠিক আগে এবং ডমিনিক সোবোস্লাই ৮০তম মিনিটে গোল করেন। ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত স্কোর ছিল ২-২ সমতা, তবে ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে এমিনে আদলি গোল করে স্বাগতিক দলকে জয় এনে দেন।
বোর্নমাউথের হয়ে অন্য দুটি গোল করেন এভানিলসন (২৬তম মিনিট) এবং আলেক্স গিমিনেজ (৩৩তম মিনিট)। এই হারের পর লিভারপুল ২৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। অন্যদিকে ১৩তম স্থানে থাকা বোর্নমাউথের সংগ্রহ ৩০ পয়েন্ট।
এদিকে, টটেনহ্যাম ও বার্নলির মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। ম্যাচে বার্নলি প্রায় শেষ পর্যন্ত ২-১ গোলে এগিয়ে ছিল, তবে ৯০তম মিনিটে ক্রিস্টিয়ান রোমেরোর গোলে টটেনহ্যাম হার এড়ায়। এই অ্যাওয়ে ম্যাচে ৬২ শতাংশ বল দখলে রেখে খেলা টটেনহ্যামের হয়ে অন্য গোলটি করেন মিকি ভ্যান ডি ভেন (৩৮তম মিনিট)। বার্নলির হয়ে গোল করেন আলেক্স টুয়ানজেবে (৪৫তম মিনিট) ও লাইলে ফস্টার (৭৬তম মিনিট)। টটেনহ্যাম ২৮ পয়েন্ট নিয়ে ১৪তম এবং বার্নলি ১৫ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে রয়েছে।
অন্য একটি ম্যাচে ম্যানচেস্টার সিটি নিজেদের ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে উলভসকে ২-০ গোলে হারায়। ৬৪ শতাংশ বল দখলে রেখে খেলা সিটির হয়ে ওমর মারমুশ ৬ষ্ঠ মিনিটে এবং অ্যান্টনি সেমেনিও বিরতির আগে ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে গোল করেন। এই জয়ে ম্যানচেস্টার সিটি ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। প্রিমিয়ার লিগের অন্যান্য ম্যাচে ফুলহ্যাম ব্রাইটনকে ২-১ গোলে এবং ওয়েস্ট হ্যাম সান্ডারল্যান্ডকে ৩-১ গোলে পরাজিত করেছে।










