কলকাতা: রাজ্যে মাঠ থেকে আলু তোলা শুরু হতেই কালোবাজারি রুখতে নবান্ন জোর প্রস্তুতি শুরু করেছে। সরকারের লক্ষ্য, আগামী বছরে সাধারণ মানুষ যাতে ন্যায্যমূল্যে আলু পান এবং কৃষকদেরও যাতে আর্থিক ক্ষতির মুখে পড়তে না হয়।
সূত্রের খবর, এই উদ্দেশ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে। গত বছরের মতো এ বারও রাজ্যের কোল্ড স্টোরেজে ছোট ও প্রান্তিক কৃষকেরা তাঁদের উৎপাদিত আলুর সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। গত বছর ১৪৬ লক্ষ মেট্রিক টন উৎপাদন সত্ত্বেও আলুর দামে অস্বাভাবিক বৃদ্ধি দেখা গিয়েছিল।
এ বার সরকার শুরু থেকেই কড়া নজরদারি চালিয়ে কৃত্রিম সঙ্কটের সম্ভাবনা রুখতে চায়। শুক্রবার এই বিষয়টি নিয়ে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকও হয়েছে। এ বছরও ভাল ফলনের আশা করা হচ্ছে।
মধ্যস্বত্বভোগীদের হাত থেকে কৃষকদের রক্ষা করতে তাঁদের সরাসরি কোল্ড স্টোরেজে সংরক্ষণের সুবিধা দেওয়া হবে। একজন কৃষক সর্বাধিক ৩৫ কুইন্টাল বা ৭০ বস্তা আলু জমা রাখতে পারবেন।
জেলা প্রশাসকদের গোটা ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হবে এবং কৃষি বিপণন দফতর শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করবে। প্রশাসনের মতে, অতিরিক্ত উৎপাদনের সময় মধ্যস্বত্বভোগীরা কম দামে আলু কিনে পরে কৃত্রিম সঙ্কট তৈরি করে বেশি দামে বিক্রি করেন। নতুন ব্যবস্থায় এই প্রবণতায় লাগাম টানা যাবে।
তবে অন্যান্য রাজ্যে আলু রফতানিতে নিষেধাজ্ঞা জারি করা হবে কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।









