আফগানিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ডের ৫ উইকেটের স্বস্তিদায়ক জয়

photocollage_20262816546758

চেন্নাই: আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ স্বচ্ছন্দ জয় দিয়ে অভিযান শুরু করল নিউজিল্যান্ড। রবিবার গ্রুপ ডি-র ম্যাচে কিউইরা লড়াকু আফগানিস্তানকে ৫ উইকেটে হারায়। এম.এ. চিদাম্বরম স্টেডিয়াম (চেপক)-এ টস জিতে আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রানের চ্যালেঞ্জিং স্কোর তোলে। জবাবে নিউজিল্যান্ড ১৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান করে লক্ষ্য ছুঁয়ে ফেলে।
লক্ষ্য তাড়ায় নিউজিল্যান্ডের শুরুটা ভালো হয়নি। ১৪ রানের মধ্যেই ফিন অ্যালেন (১) ও রাচিন রবীন্দ্র (০) আউট হয়ে যান। তবে টিম সাইফার্টের অর্ধশতকে ঘুরে দাঁড়ায় দল। তৃতীয় উইকেটে গ্লেন ফিলিপসকে সঙ্গে নিয়ে ৭৪ রানের জুটি গড়েন সাইফার্ট। ফিলিপস ২৫ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৪২ রান করেন, তাঁকে আউট করেন রশিদ খান। এরপর মার্ক চ্যাপম্যানকে নিয়ে স্কোর ১২৪-এ পৌঁছে দেন সাইফার্ট। ৪২ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৬৫ রান করেন তিনি। চ্যাপম্যান যোগ করেন ২৮ রান। শেষে ড্যারিল মিচেল ও অধিনায়ক মিচেল স্যান্টনার দলকে সহজ জয়ে পৌঁছে দেন—মিচেল অপরাজিত ২৫ এবং স্যান্টনার অপরাজিত ১৭ রান করেন। আফগানিস্তানের বোলারদের মধ্যে মুজিব উর রহমান সর্বোচ্চ ২টি উইকেট নেন।
এর আগে আফগানিস্তানের ইনিংসের শুরুটাও ভালো ছিল না। ৪৪ রানের মধ্যেই দুই ওপেনার আউট হন- রহমানউল্লাহ গুরবাজ ২৭ ও ইব্রাহিম জাদরান ১০ রান করেন। এরপর দায়িত্ব নিয়ে ব্যাট করে ইনিংস এগিয়ে নেন গুলবাদিন নায়েব। ৩৫ বলে ৪টি ছক্কা ও ৩টি চারে ৬৩ রান করেন তিনি। তৃতীয় উইকেটে সেদিকুল্লাহ আতালের সঙ্গে ৭৯ রানের জুটি গড়েন নায়েব। আতাল করেন ২৯ রান। পরে দারবিশ রসুলির সঙ্গে স্কোর ১৫৬-তে পৌঁছে দেন নায়েব। রসুলি ২০ এবং আজমতুল্লাহ ওমরজাই ১৪ রান যোগ করেন, মহম্মদ নবি ১০ রানে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে লকি ফার্গুসন নেন সর্বোচ্চ ২টি উইকেট।

About Author

Advertisement