দিনহাটা: দীর্ঘদিন ধরে গ্রামে যাতায়াতের রাস্তা জোরপূর্বক দখলের চেষ্টার প্রতিবাদে আন্দোলনে নামলো দোলগোবিন্দ গ্রামের বাসিন্দারা। দিনহাটা এক ব্লকের সীমান্ত গ্রাম গিতালদহের দোলগোবিন্দ গ্রামের বসিন্দারা বৃহস্পতিবার হরিরহাট এলাকায় পথ অবরোধ করে। গ্রামের মানুষের চলাচলের রাস্তা জোরপূর্বক আটকে দেওয়ার চেষ্টার প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ কে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে। এদিন সীমান্ত গ্রামের ওই বাসিন্দারা প্রায় ঘন্টা দুয়েক পথ অবরোধ করে রাখলে সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে। অবরোধের খবর পেয়ে গিতালদহ ফাঁড়ির পুলিশ সেখানে যায়। পুলিশের আশ্বাসে প্রায় ঘন্টা দুয়েক পরে অবরোধ ওঠে। আন্দোলনকারী বাসিন্দাদের অভিযোগ, দোলগোবিন্দ গ্রামে যাওয়ার যে রাস্তা সেটি এলাকারই এক ব্যক্তি জোরপূর্বক দখলের চেষ্টা করছে। রাস্তার মাঝে কংক্রিটেড দেয়াল দেওয়ার চেষ্টা করছে ওই ব্যক্তি। দীর্ঘ বছর ধরে আমরা ওই রাস্তা দিয়ে গ্রামে যাতায়াত করি। উদ্দেশ্যপ্রণোদিত হবে রাস্তাটি আটকে দেওয়াল দেওয়ার চেষ্টার বিরুদ্ধে আমরা বাধ্য হয়ে পথ অবরোধ আন্দোলনে নামি। যে রাস্তা দিয়ে বছরের পর বছর আমরা চলাচল করছি সেটাকে আটকানোর চেষ্টা করছে এক ব্যক্তি। তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। গিতালদহ এক গ্রাম পঞ্চায়েত প্রধান সোনম কালোয়ার বলেন,” দীর্ঘদিনের পুরনো ওই রাস্তা দিয়ে দোলগোবিন্দ গ্রামে যাতায়াত করে ওই গ্রামের বাসিন্দারা। অথচ এক ব্যক্তি যাতায়াতের সেই রাস্তায় গার্ড ওয়াল দিয়ে আটকানোর চেষ্টা করে। এরই প্রতিবাদে বাসিন্দারা আন্দোলনে নেমেছে। অবরোধের খবর পেয়ে পুলিশ এসে আন্দোলনকারীদের সাথে কথা বলেন। পুলিশের আশ্বাসে পরে অবরোধ তুলে নেয় বাসিন্দারা।










