আদর্শ পথের চরিত্রের পরিপন্থী হয়ে পড়েছে শহরের মদনমোহন বাড়ি থেকে পাঁচ মাথার মোড়

IMG-20260208-WA0042

দিনহাটা: নামেই আদর্শ পথ। পাশেই দাঁড়িয়ে থাকছে ঘন্টার পর ঘন্টা বিভিন্ন গাড়ি। দিনহাটা শহরের মদনমোহন বাড়ি থেকে পাঁচ মাথার মোড় পর্যন্ত ‘আমার আদর্শ পথ’ হিসাবে কয়েক বছর আগে ঘোষণা করেছে প্রশাসন। তারপর থেকে এই পথ কার্যত আদর্শ পথের চরিত্রের পরিপন্থী হয়ে পড়েছে বলে মনে করছেন অনেকেই।অথচ আদর্শ পথে রাস্তার পাশেই দাঁড়িয়ে থাকছে বাইক থেকে শুরু করে টোটো , অটো সহ বিভিন্ন গাড়ি। কার্যত স্ট্যান্ডে পরিণত হয়েছে ফুটপাত। ফলে যাতায়াতের সময় নানাভাবে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে পথচারীদের বলে অভিযোগ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আদর্শ এই পথের নিয়ম যাতে সকলেই মেনে চলে তার জন্য সচেতনতা প্রচার করা হবে। এই পথের বিভিন্ন জায়গায় রাস্তার দু’ধারে যেমন রয়েছে অস্থায়ী দোকান তেমনি ফুটপাত বলে আর কিছু নেই। কার্যতো দখলে চলে গিয়েছে ব্যবসায়ীদের একাংশের।জানা গিয়েছে, ‘আমার আদর্শ পথ’ এই রাস্তায় সমস্ত রকম ট্রাফিক নিয়ম মেনে চলতে হয়। রাস্তার পাশে কোনরকম পার্কিং করা যাবে না। দুই ধারে ফুটপাত দিয়ে পথচারীরা বাধাহীনভাবে চলাচল করতে পারবে। রাস্তার পাশে থাকবে না কোন অস্থায়ী দোকান। সকলকেই জেব্রাক্রসিং মেনে চলতে হবে। গাড়িগুলি চালাতে হবে নিয়ম মেনে। অথচ দিনহাটা শহরের মদনমোহন বাড়ি এলাকা থেকে পাঁচ মাথার মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা নামেই আদর্শ পথ বলে অভিযোগ। রাস্তার পাশে যত্রতত্র রাখা হচ্ছে বাইক থেকে শুরু করে বিভিন্ন গাড়ি। পাঁচ মাথার মোড়ে নো পার্কিং থাকলেও সেখানেই দাঁড়িয়ে যাত্রীবাহী বিভিন্ন গাড়ি ট্রাফিক আইন কে কার্যত বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাত্রী তোলা নামা করছে ।শহরের ব্যবসায়ীদের নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন,”আদর্শ পথের কোনরকম নিয়ম কানুনকে তোয়াক্কা করছে না অনেকেই। এটা প্রশাসনকে দেখা উচিত।মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী বলেন, “প্রশাসনের পক্ষ থেকে দিনহাটা শহরের মদনমোহন বাড়ি থেকে পাঁচ মাথার মোড় পর্যন্ত এই রাস্তাকে ‘আমার আদর্শ পথ’ করা হয়েছে। অথচ এই রাস্তার দুই ধারে বাইক থেকে শুরু করে বিভিন্ন রকম যানবাহন রাখা হচ্ছে। সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে প্রশাসনকে দেখা উচিত।মহকুমা শাসক ভরত সিং বলেন, “দিনহাটা শহরে ‘আমার আদর্শ পথ’ এই রাস্তায় যাতে কোনভাবেই গাড়ি পার্কিং না হয় এবং সব রকম বিধিনিষেধ মেনে চলে সকলে তার জন্য পুলিশের পাশাপাশি স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে ব্যবসায়ী সহ বিভিন্ন সংগঠনের সাথে আমরা কথা বলব। এই পথ যাতে ওই আদর্শ পথ হয় সেটা আমরা দেখব।

About Author

Advertisement