নয়াদিল্লি: আইসিসি টি–২০ বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে টুর্নামেন্টের সেরা দল ঘোষণা করেছে। এই দলে ভারতের চারজন ক্রিকেটার স্থান পেয়েছেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের খেতাবজয়ী সঞ্জু স্যামসনের সঙ্গে দলে রয়েছেন জসপ্রীত বুমরাহ, ঈশান কিশান এবং হার্দিক পাণ্ড্য।
টি–২০ বিশ্বকাপ ২০২৬-এ সর্বাধিক রান করা পাকিস্তানের সাহিবজাদা ফারহানকে স্যামসনের উদ্বোধনী জুটি হিসেবে নির্বাচিত করা হয়েছে। টুর্নামেন্টের দ্বিতীয় ভাগে সুযোগ পেয়ে সঞ্জু স্যামসন অসাধারণ পারফরম্যান্স দেখান এবং পাঁচটি ম্যাচে ৩২১ রান করেন। সুপার আট পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের পাশাপাশি সেমিফাইনাল ও ফাইনালে টানা অর্ধশতক করে ভারতকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা পালন করেন তিনি।
ভারতের হয়ে ধারাবাহিকভাবে রান করা ঈশান কিশানকেও সেরা দলে রাখা হয়েছে। তিনি নয়টি ম্যাচ খেলে ৩১৭ রান করেন। দক্ষিণ আফ্রিকাকে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়া অধিনায়ক এডেন মার্করামও আইসিসির দলে জায়গা পেয়েছেন। আটটি ম্যাচে তিনি ১৬৫ গতিতে ব্যাট করে ২৮৬ রান করেন। মার্করামকে এই দলের অধিনায়কও করা হয়েছে।
ব্যাট ও বল—দুই দিকেই গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য হার্দিক পাণ্ড্যাও এই দলে রয়েছেন। টুর্নামেন্টে তিনি দুটি অর্ধশতক করার পাশাপাশি গুরুত্বপূর্ণ উইকেটও নেন। ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকসও দলে জায়গা পেয়েছেন।
আইসিসির সেরা দলে বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন ভারতের জসপ্রীত বুমরাহ। তিনি টুর্নামেন্টে যৌথভাবে সর্বাধিক উইকেট নেওয়া বোলার ছিলেন। আটটি ম্যাচে তিনি ১৪টি উইকেট নেন। বুমরাহকে সঙ্গ দেবেন লুঙ্গি এনগিডি, ব্লেসিং মুজারাবানি এবং জেসন হোল্ডার।
এই দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে রয়েছেন ইংল্যান্ডের আদিল রশিদ। দ্বাদশ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের পেস বোলার শেডলি ভ্যান শাল্কউইক। তিনি টুর্নামেন্টে মাত্র চারটি ম্যাচ খেলে ১৩টি উইকেট নেন।
টুর্নামেন্টের সেরা দল:
সাহিবজাদা ফারহান, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ঈশান কিশান, এডেন মার্করাম (অধিনায়ক), হার্দিক পাণ্ড্য, উইল জ্যাকস, জেসন হোল্ডার, জসপ্রীত বুমরাহ, লুঙ্গি এনগিডি, আদিল রশিদ, ব্লেসিং মুজারাবানি।
দ্বাদশ খেলোয়াড়: শেডলি ভ্যান শাল্কউইক।









