অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার

IMG-20260310-WA0000

দিনহাটা: ভোটের মুখে ফের দিনহাটার সাহেবগঞ্জের খারুভাজ এলাকা থেকে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করল সাহেবগঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম তুলসী বর্মণ। তার বাড়ি দিনহাটা দুই ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের নাগরেরবাড়ি এলাকায়। তাকে সাহেবগঞ্জ থানা এলাকার খারুভাজ বাজার সংলগ্ন মাশানপাট এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে একটি বন্দুক ছাড়াও এক রাউন্ড গুলি উদ্ধার হয়। ভোটের মুখে অস্ত্র কোথা থেকে আসছে বিহারের মুঙ্গের না অন্য কোন জায়গা থেকে প্রতিক্ষেত্রেই সেসব খতিয়ে দেখছে পুলিশ।অস্ত্রসহ ওই ব্যক্তিকে গ্রেফতারের পাশাপাশি গত এক মাসে দিনহাটার বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। ভোটের মুখে সীমান্ত মহকুমা দিনহাটার বিভিন্ন এলাকা থেকে একের পর এক অস্ত্র উদ্ধারের ঘটনার পর অনেকেই মনে করছেন অবৈধ আগ্নেয়াস্ত্রের আমদানি ক্রমেই বেড়ে চলেছে। পুলিশ অবশ্য অবৈধ এই অস্ত্র উদ্ধারে নানাভাবে তাদের প্রচেষ্টা জারি রেখেছে। সাহেবগঞ্জ থানার আইসি নকুল রায় জানিয়েছেন, এর আগেও অস্ত্র পাচার করতে গিয়ে ধরা পড়েছে ওই ব্যক্তি।তাকে আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। ওই ব্যক্তির সাথে আরও কেউ জড়িত আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ভোটের মুখে অন্য কোন উদ্দেশ্য ছিল কিনা সেসব খতিয়ে দেখছে পুলিশ।
দিন কয়েক আগেও দিনহাটার সিতাই এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে সিতাই থানার পুলিশ। এছাড়াও গত এক মাসে দিনহাটা মহকুমার বিভিন্ন থানা এলাকা থেকে অস্ত্র সহ কয়েক জনকে পুলিশ গ্রেফতার করে।কি উদ্দেশ্যে, কোথা থেকে তারা আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
কিভাবে কোথা থেকে আসছে এই অস্ত্র তা নিয়ে বিরোধীরা ইতিমধ্যেই আঙ্গুল তুলেছে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। বিজেপির কোচবিহার জেলা সহ-সভাপতি বিরাজ বসু বলেন,”তৃণমূল মানেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয়-ভীতি প্রদর্শন করে ক্ষমতায় টিকে থাকা। আর এ রাজ্যে তৃণমূল যেভাবে ভয়-ভীতি প্রদর্শন করে শাসন কার্য চালাচ্ছে তারপরে বলার অপেক্ষা রাখে না এই অস্ত্র কোথা থেকে আসছে। পুলিশ মাঝে মাঝে লোক দেখানোর জন্য দুই একজনকে ধরলেও খোঁজ নিলে দেখা যাবে এরা আসলে সকলেই রাজ্যের শাসকদলের ঘনিষ্ঠ।” তৃণমূলের দিনহাটা দুই ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন, “কোচবিহারের মানুষ গত লোকসভা নির্বাচনে একজন কুখ্যাতকে পরাজিত করে একজন শিক্ষককে সাংসদ করে সংসদে পাঠিয়েছেন। এর থেকেই পরিষ্কার দিনহাটা সহ কোচবিহারের মানুষ গুন্ডা রাজের বিরুদ্ধে তাদের মত প্রকাশ করে কোচবিহার থেকে গুন্ডারাজ কে বিসর্জন দিয়েছে।মহকুমা পুলিশ আধিকারিক প্রশান্ত দেবনাথ বলেন,”গোপন সূত্রে খবর পেয়ে দিনহাটার বিভিন্ন থানা এলাকা থেকে গত এক মাসে কয়েক জনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তাদের কাছে কোথা থেকে কিভাবে ওই অস্ত্র এসেছে সেসব খতিয়ে দেখা হচ্ছে।

About Author

Advertisement