অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককে রাইবাকিনা চ্যাম্পিয়ন

IMG-20260131-WA0090

মেলবোর্ন: এলিনা রাইবাকিনা বিশ্ব নম্বর এক খেলোয়াড় আর্যনা সাবালেঙ্কাকে পরাজিত করে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টে নারী এককের শিরোপা জিতেছেন। রাশিয়ায় জন্ম হলেও কাজাখস্তানের প্রতিনিধিত্বকারী পঞ্চম বাছাই রাইবাকিনা নারী এককের ফাইনালে শীর্ষ বাছাই ও দু’বারের চ্যাম্পিয়ন বেলারুশের সাবালেঙ্কাকে ৬-৪, ৪-৬, ৬-৪ ব্যবধানে হারান। ম্যাচটি চলে ২ ঘণ্টা ১৮ মিনিট।
ফাইনালে হারের পথে এগিয়ে গিয়েও অসাধারণ প্রত্যাবর্তন ঘটিয়ে ২৬ বছর বয়সী রাইবাকিনা প্রথমবারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জয় করেন। এটি তাঁর কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। এর আগে তিনি ২০২২ সালে ইউএস ওপেনের শিরোপা জিতেছিলেন।
টানা চতুর্থবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেললেও সাবালেঙ্কার ভাগ্য টানা দ্বিতীয় বছর ফাইনালে সহায় হয়নি। গত বছর তিনি ম্যাডিসন কিজের বিরুদ্ধে হেরে যান। সাবালেঙ্কা তাঁর কেরিয়ারে মোট চারটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন। তিনি ২০২৩ ও ২০২৪ সালে মেলবোর্নে শিরোপা জিতেছিলেন। অস্ট্রেলিয়ান ওপেন ছাড়াও তিনি ২০২৪ ও ২০২৫ সালে ইউএস ওপেনের শিরোপা জিতেছেন।
ম্যাচের পরিসংখ্যান অনুযায়ী, রাইবাকিনা ৬টি এস মারেন, যেখানে সাবালেঙ্কা মারেন ৫টি। ডাবল ফল্টের ক্ষেত্রে রাইবাকিনা করেন ৩টি এবং সাবালেঙ্কা করেন ২টি। রাইবাকিনার তুলনায় সাবালেঙ্কা বেশি উইনার মারলেও, কাজাখস্তানের এই খেলোয়াড়ের তুলনায় তাঁর আনফোর্সড এররও ছিল বেশি।

About Author

Advertisement