অর্থনৈতিক সমীক্ষার আগে প্রধানমন্ত্রী মোদির সংসদে ভাষণ, ‘সরকার শুধু বাজেটের মধ্যেই সীমাবদ্ধ নয়’

Screenshot_20260129_234014_Instagram

নয়াদিল্লি: অর্থনৈতিক সমীক্ষা পেশের আগে সংসদে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এই মুহূর্তে দেশের মনোযোগ কেন্দ্রীয় বাজেটের দিকে থাকা স্বাভাবিক, কারণ বাজেটই দেশের অর্থনৈতিক দিক এবং উন্নয়নের অগ্রাধিকার নির্ধারণ করে। তবে তিনি স্পষ্ট করে দেন যে, সরকারের পরিচয় শুধু বাজেটের মধ্যেই সীমাবদ্ধ নয়।
প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক বছরে ‘রিফর্ম, পারফর্ম ও ট্রান্সফর্ম’ নীতির মাধ্যমে সরকার উন্নয়নকে নতুন গতি দিয়েছে। ভারত এখন সংস্কারের ‘রিফর্ম এক্সপ্রেস’-এ চেপে দ্রুত এগিয়ে চলেছে। তিনি জানান, এই অগ্রযাত্রা কেবল সরকারের নয়, সংসদের সকল সদস্যের ইতিবাচক সহযোগিতার ফল।
সাংসদদের অবদানের প্রশংসা করে প্রধানমন্ত্রী মোদি বলেন, এই সম্মিলিত শক্তি ও সহযোগিতার কারণে দেশ পুরনো সমস্যার সীমা ছাড়িয়ে স্থায়ী এবং দীর্ঘমেয়াদী সমাধানের পথে এগোচ্ছে।
প্রধানমন্ত্রী ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কে আত্মনির্ভর ও প্রতিযোগিতামূলক ভারতের দিকে অগ্রসর হওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই চুক্তি দেশের উজ্জ্বল ভবিষ্যৎ ও ভারতীয় যুবসমাজের জন্য নতুন সুযোগের দরজা খুলবে। প্রধানমন্ত্রী বিশ্বাস প্রকাশ করেন যে, এই এফটিএ আত্মবিশ্বাসী, উৎপাদনশীল এবং প্রতিযোগিতামূলক ভারত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, চলতি ত্রৈমাসিকের সূচনা অত্যন্ত ইতিবাচক হয়েছে এবং আজ ভারত বৈশ্বিক মঞ্চে আশার আলো হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী এই এফটিএকে উচ্চাকাঙ্ক্ষী ভারতের জন্য মুক্ত বাণিজ্য, আকাঙ্ক্ষী যুবকদের জন্য মুক্ত বাণিজ্য এবং আত্মনির্ভর ভারতের জন্য মুক্ত বাণিজ্য বলে আখ্যা দেন। পাশাপাশি তিনি ভারতীয় উৎপাদকদের এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করার আহ্বান জানান।
দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী মোদি বলেন, একবিংশ শতাব্দীর প্রথম চতুর্থাংশ ইতিমধ্যেই শেষ হয়েছে এবং এখন এক নতুন পর্যায়ের সূচনা হচ্ছে। উন্নত ভারত–২০৪৭ লক্ষ্য অর্জনের জন্য আগামী ২৫ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তিনি জানান, এই নতুন পর্যায়ের প্রথম বাজেট খুব শীঘ্রই সংসদে পেশ করা হবে।
প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের ভূমিকাও উল্লেখ করেন। তিনি বলেন, নির্মলা সীতারামণ টানা নবমবারের মতো বাজেট পেশ করতে চলেছেন, যা তাঁকে দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসেবে গৌরবময় মুহূর্তের অধিকারী করে তুলেছে।
রাষ্ট্রপতির ভাষণের প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদি বলেন, এটি ১৪০ কোটি ভারতবাসীর বিশ্বাস, সক্ষমতা ও আকাঙ্ক্ষার প্রকাশ, বিশেষ করে দেশের যুবসমাজের প্রত্যাশার। তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতির দেওয়া বার্তাকে সংসদের সকল সদস্য গুরুত্বের সঙ্গে গ্রহণ করবেন।

About Author

Advertisement