মেলবোর্ন: তৃতীয় বাছাই কোকো গফ অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টের মহিলা এককের কোয়ার্টার ফাইনালে বড় অঘটনের শিকার হলেন। মার্কিন তারকা খেলোয়াড় গফকে ইউক্রেনের এলিনা স্বিতোলিনার বিরুদ্ধে হতাশাজনক হারের মুখে পড়তে হয়।
ম্যাচে অপ্রত্যাশিত হারের পর মার্কিন খেলোয়াড় গফ তাঁর র্যাকেটের উপর ক্ষোভ উগরে দেন। অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে স্বিতোলিনা সরাসরি সেটে ৬–১, ৬–২ ব্যবধানে গফকে পরাজিত করেন। এই জয়ের মাধ্যমে ৩১ বছর বয়সি স্বিতোলিনা শুধু টুর্নামেন্টে বড় অঘটনই ঘটালেন না, প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালেও জায়গা করে নিলেন।
ম্যাচ শেষ হওয়ার পর কোকো গফ শান্তভাবে চেঞ্জিং রুমের দিকে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করেই তিনি কল এরিয়ায় ৭ বার র্যাকেট আছড়ে নিজের হতাশা প্রকাশ করেন। এই ম্যাচে গফের হারের প্রধান কারণ ছিল দুর্বল সার্ভিস। ম্যাচ চলাকালীন তিনি পাঁচবার ডাবল ফল্ট করেন এবং চারবার নিজের সার্ভিস হারান, যার পুরোপুরি সুযোগ নেন স্বিতোলিনা।
এই জয়ের ফলে স্বিতোলিনা তাঁর প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখলেন। এর আগে তিনি তিনবার কোয়ার্টার ফাইনালে পৌঁছলেও কখনও সেমিফাইনালে উঠতে পারেননি। সেমিফাইনালে স্বিতোলিনার মুখোমুখি হবেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় আরিনা সাবালেঙ্কা।








