অসম: বন্যা ত্রাণে চা শিল্পের ২ কোটি ২৬ লাখ রুপি সংগ্রহ

IMG-20261005-WA0064

গুয়াহাটি: অসমের চা শিল্প বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে একজোট হয়েছে। চা শিল্পের সঙ্গে যুক্ত উৎপাদক, ক্রেতা, দালাল ও গুদাম পরিচালকদের অংশগ্রহণে আয়োজিত বিশেষ চ্যারিটি চা নিলামের মাধ্যমে প্রায় ২ কোটি ২৬ লাখ রুপি সংগ্রহ করা হয়েছে।
গুয়াহাটি চা নিলাম কেন্দ্রে আয়োজিত বিশেষ নিলাম থেকে ১ কোটি ৬১ লাখ রুপি সংগ্রহ হয়। এর পাশাপাশি ব্যবসায়ী হেমন্ত বাঙ্গুর ৬৫ লাখ রুপি অনুদান দিয়েছেন। সংগৃহীত অর্থ অসমের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা করা হবে।
চা অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার উদ্যোগে সোমবার আয়োজিত এই চ্যারিটি নিলামে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব সরমা নিজেও উপস্থিত ছিলেন। তিনি ১২টি বিশেষ চা লটের প্রতীকী নিলাম করেন। শুধু ওই লটগুলি থেকেই ৯৯ লাখ ৫১ হাজার রুপি পাওয়া যায়।
নিলামে দেশের বিভিন্ন শহর থেকে চা ক্রেতারা অংশ নেন। মুম্বই, সুরাট, আহমেদাবাদ ও দিল্লি থেকেও ক্রেতারা গুয়াহাটিতে আসেন। প্রধান ক্রেতাদের মধ্যে সোসাইটি টি ২৬ লাখ ১০ হাজার রুপি, ওয়াঘ বকরি ২৪ লাখ ৪ হাজার রুপি, টুডে টি ১৫ লাখ ১০ হাজার রুপি, জীবরাজ টি ১৩ লাখ রুপি এবং উপহার ১২ লাখ ২৪ হাজার রুপির চা কিনেছে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব সরমার পাশাপাশি রূপান্তর ও উন্নয়ন, শ্রমকল্যাণ এবং চা জনজাতি ও আদিবাসী কল্যাণমন্ত্রী রামেশ্বর তেলি, মুখ্যসচিব রবি কোটা এবং অন্যান্য শীর্ষ সরকারি আধিকারিক উপস্থিত ছিলেন।
চা শিল্পের পক্ষ থেকে চা অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার সভাপতি এস. মেহতা, ধুনসেরির সভাপতি ও ম্যানেজিং ডিরেক্টর সি. কে. ধনুকা, ফেডারেশন অব অল ইন্ডিয়া টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পারস দেশাইসহ বিশিষ্ট চা উৎপাদক ও ক্রেতারা অংশ নেন।
চা অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহিত আগরওয়াল জানান, ত্রাণ অভিযানে চা বাণিজ্য ক্ষেত্রের অংশগ্রহণ অত্যন্ত উৎসাহব্যঞ্জক ছিল। বিশেষ করে অসমের বাইরের বিভিন্ন স্থান থেকেও ক্রেতারা ত্রাণ অভিযানে সহযোগিতা করতে গুয়াহাটিতে এসেছিলেন বলে তিনি জানান।
ত্রাণের অর্থ সংগ্রহে চা শিল্পের গোটা নিলাম ব্যবস্থাই অবদান রেখেছে। চা উৎপাদকরা ত্রাণের জন্য চা সরবরাহ করেন। অন্যদিকে, দালালরা দালালি ফি না নেওয়ার সিদ্ধান্ত নেন। অংশগ্রহণকারী গুদাম পরিচালকরাও স্টোরেজ ফি মওকুফ করেন। গুয়াহাটি চা নিলাম কেন্দ্র বিশেষ নিলাম পরিচালনায় সহযোগিতা করে।
অসমে বন্যার কারণে ব্যাপকভাবে মানুষ ও সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার সময় চা শিল্প তাদের নিলাম ব্যবস্থাকে ত্রাণের অর্থ সংগ্রহের মাধ্যম হিসেবে ব্যবহার করেছে। সংগৃহীত অর্থ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ত্রাণ ও পুনর্বাসনে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।

About Author

Advertisement