মার্কিন পর্যটকদের নিরাপত্তা থেকে সরাসরি আন্তর্জাতিক উড়ান, জোর সব ক্ষেত্রেই
কলকাতা: পশ্চিমবঙ্গে পর্যটনের প্রসার, বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বিমান যোগাযোগ আরও শক্তিশালী করার বিষয়ে মার্কিন কনসুলেট জেনারেল ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
কলকাতায় নিযুক্ত মার্কিন কনসাল জেনারেল মহামান্য ক্যাথরিন গিলস-ডিয়াজ এবং কনস্যুলার সেকশন প্রধান নোয়া হোগান পশ্চিমবঙ্গ সরকারের সংসদীয় বিষয়ক ও পর্যটনমন্ত্রী ড. শঙ্কর ঘোষের সঙ্গে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে তাঁর দফতরে সাক্ষাৎ করেন। মন্ত্রী ড ঘোষ মার্কিন প্রতিনিধিদলকে উত্তরীয়, পুষ্পস্তবক এবং হস্তনির্মিত ডোকরা শিল্পে তৈরি দেবী দুর্গা ও তাঁর পরিবারের মূর্তি উপহার দিয়ে স্বাগত জানান।
বৈঠকে পশ্চিমবঙ্গে আসা মার্কিন পর্যটকদের নিরাপত্তা, পর্যটন পরিষেবার নির্ভরযোগ্যতা এবং ভবিষ্যতে পর্যটন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিশেষভাবে আলোচনা হয়। মন্ত্রী ড ঘোষ জানান, পর্যটকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাজ্য সরকার ২৩টি জেলায় ২৪ ঘণ্টা চালু থাকা হেল্পলাইন এবং সারা বছর কার্যকর একটি কেন্দ্রীয় রাজ্য হেল্পলাইন চালু করতে চলেছে।
মার্কিন পর্যটকদের পশ্চিমবঙ্গের সরকারি ‘ট্যুরিস্ট অ্যাপ’ ব্যবহার করতে এবং শুধুমাত্র সরকারিভাবে নথিভুক্ত হোটেল, হোমস্টে, ট্রাভেল এজেন্ট ও পরিবহণ পরিষেবা বুক করার জন্য উৎসাহিত করতে মার্কিন কনসাল জেনারেলের কাছে অনুরোধ জানান মন্ত্রী।
কনসাল জেনারেল গিলস-ডিয়াজ সরকারি ট্যুরিস্ট অ্যাপ এবং পর্যটন দফতরের ওয়েবসাইটে ভিসা আবেদনের সুবিধা যুক্ত করার প্রস্তাব দেন। মন্ত্রী ঘোষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
বৈঠকে কলকাতা বিমানবন্দর থেকে আরও বেশি সরাসরি আন্তর্জাতিক উড়ান চালুর জন্য রাজ্য সরকারের উদ্যোগের পরিকল্পনাও তুলে ধরেন মন্ত্রী ড ঘোষ। তাঁর মতে, আন্তর্জাতিক বিমান যোগাযোগ বাড়লে পশ্চিমবঙ্গকে বিশ্বের পর্যটন মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করা এবং বিদেশি পর্যটকদের আগমন বাড়ানো সম্ভব হবে।
পশ্চিমবঙ্গের পর্যটন উন্নয়ন ও আন্তর্জাতিক স্তরে প্রচারের পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা আরও শক্তিশালী করতে সম্ভাব্য সব ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন উভয় পক্ষ।





