তিব্বতে কৈলাস-মানস সরোবর যাত্রায় প্রায় ৪০০ তীর্থযাত্রী যোগাযোগের বাইরে

IMG-20260827-WA0043(1)

নয়াদিল্লি: নেপালের রাসুয়া জেলায় বুধবার সকালে ভয়াবহ আকস্মিক বন্যার (ফ্ল্যাশ ফ্লাড) পর তিব্বতে কৈলাস-মানস সরোবর যাত্রায় যাওয়া প্রায় ৪০০ তীর্থযাত্রী যোগাযোগের বাইরে রয়েছেন। তাঁদের অধিকাংশই ভারতীয়। তাঁদের মধ্যে ৯৩ জন নেপালি তীর্থযাত্রীও রয়েছেন।
কাঠমান্ডুভিত্তিক টাচ কৈলাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ব্যবস্থাপনা পরিচালক বাসু কুমার অধিকারী জানান, প্রায় ৪০০ তীর্থযাত্রী বুধবার সীমান্ত পার হওয়ার কথা ছিল। তিনি বলেন, কয়েকজন ছাড়া দুপুর ৩টা পর্যন্ত অধিকাংশ যাত্রীর সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
তীর্থযাত্রীরা বিভিন্ন ভ্রমণ সংস্থার মাধ্যমে গিয়েছিলেন। এর মধ্যে সম্রাট ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ৭১ জন, লিফ হলিডেজের ৫৫ জন, কাঠমান্ডু হলিডেজের ১৭ জন, কৈলাস জার্নির ৩১ জন, এক্সপ্লোর ভ্যাকেশনের ৭ জন, ট্রেকার্স সোসাইটির ৯২ জন, রিচা ট্যুরসের ১২ জন, ফিশটেল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ২৭ জন, হিমালয়ান গ্লেসিয়ারের ৬২ জন এবং আলপাইন ইকো ট্রেকের ১৬ জন গ্রাহক রয়েছেন।
ট্রেকিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব নেপালের সভাপতি সাগর পাণ্ডে বলেন, তীর্থযাত্রীদের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং তাঁদের পরিস্থিতি মূল্যায়নের চেষ্টা চলছে।
বন্যায় রাসুয়াগঢ়ী এলাকার বসতি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপাল-চীন সীমান্তের সড়কসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় তিব্বতের দিকে যাওয়ার প্রধান পথটি ব্যাহত হয়েছে। বুধবার সীমান্ত পার হয়ে তিব্বতের দিকে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময়ই তীর্থযাত্রীদের আকস্মিক বন্যার মুখে পড়তে হয়।

About Author

Advertisement