মালদা: রাজ্য সরকারের ঘোষণামাফিক ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হয়েছে। নতুন এই ব্যবস্থার প্রথম দিনেই মালদা জেলায় তার ব্যাপক প্রভাব দেখা গেল। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (এনবিএসটিসি) মালদা ডিপো থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন দূরপাল্লার বাসে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।সোমবার সকাল থেকেই মালদার রথবাড়ি মোড়-সহ বিভিন্ন বাসস্ট্যান্ডে সরকারি বাস ধরতে মহিলাদের দীর্ঘ লাইন দেখা যায়। কেউ বালুরঘাট, কেউ শিলিগুড়ি, কেউ ইসলামপুর বা রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। বাসে ওঠার পর কন্ডাক্টররা তাঁদের গন্তব্য অনুযায়ী ‘জিরো টিকিট’ বা বিনামূল্যের টিকিট প্রদান করেন।তবে সরকারি নির্দেশিকা অনুযায়ী, এই সুবিধা পেতে মহিলাদের পরিচয়পত্র দেখাতে হচ্ছে। পরিচয়পত্র যাচাইয়ের পরেই বিনামূল্যের টিকিট দেওয়া হচ্ছে। যাঁরা পরিচয়পত্র আনতে ভুলে গিয়েছেন, তাঁদের আগামী দিনে পরিচয়পত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি সাধারণ মহিলা যাত্রীরা। তাঁদের বক্তব্য, যাতায়াত খরচ বাঁচবে এবং কর্মক্ষেত্র, শিক্ষা ও বিভিন্ন প্রয়োজনীয় কাজে যাতায়াত অনেক সহজ হবে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মালদা ডিপোর কন্ডাক্টর ফাল্গুন চৌধুরী জানান, “আজ প্রথম দিন। ভোর সাড়ে চারটা থেকেই মহিলারা এই পরিষেবার সুবিধা নিতে বাসে উঠছেন। যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকে আমরা বিশেষ নজর রাখছি। সকাল থেকেই মহিলাদের যাতায়াতের প্রবণতা বেড়েছে। দিন যত এগোবে, যাত্রীর সংখ্যাও আরও বাড়বে বলে আশা করছি। বাসে উঠলেই মহিলাদের বিনামূল্যে টিকিট দেওয়া হচ্ছে এবং পরিচয়পত্র যাচাই করা হচ্ছে।রাজ্য সরকারের এই নতুন উদ্যোগে জেলার মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সন্তোষের ছবি ধরা পড়েছে প্রথম দিনেই।









