অসম: ‎‘জুবিন ক্ষেত্র’ নির্মাণকাজ পরিদর্শনে মুখ্যমন্ত্রী‎

FB_IMG_1779280474115

গুয়াহাটি: নির্বাচনের আগেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, জনতার আশীর্বাদে সরকার গঠন করতে পারলে ‘জুবিন ক্ষেত্র’ বাস্তবায়নের পথে এগোনো হবে। সেই প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যেই এবার ‘জুবিন ক্ষেত্র’ পরিদর্শন করলেন অসমের মুখ্যমন্ত্রী ডা. হিমন্ত বিশ্ব সরমা। সেখানে তিনি অসমের জনপ্রিয় শিল্পী জুবিন গর্গকে শ্রদ্ধা জানান এবং চলমান নির্মাণকাজের অগ্রগতি খতিয়ে দেখেন।
‎মুখ্যমন্ত্রী জানান, লোক নির্মাণ বিভাগ ইতিমধ্যেই প্রাথমিক পর্যায়ের কাজ শুরু করেছে। প্রায় তিন কোটি টাকা ব্যয়ে চারদিকের সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছে। পাশাপাশি উপরের অংশ থেকে মাটি ধসে পড়া রোধ করতে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
‎তিনি আরও বলেন, পরবর্তী পর্যায়ে সমাধিক্ষেত্র নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।
‎মুখ্যমন্ত্রীর বক্তব্য, সুপরিকল্পিতভাবে এমন একটি মর্যাদাপূর্ণ এবং সাংস্কৃতিক চেতনায় সমৃদ্ধ স্থান গড়ে তোলাই সরকারের লক্ষ্য, যা আগামী প্রজন্মের জন্যও অনুপ্রেরণার কেন্দ্র হয়ে উঠবে। এই সংকল্পে সরকার অটল থাকবে বলেও তিনি জানান।
‎জুবিন গর্গ সম্পর্কে আবেগঘন মন্তব্য করে মুখ্যমন্ত্রী বলেন, “জুবিন ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও আমার সবচেয়ে প্রিয় মানুষদের একজন হয়ে থাকবেন।”
‎তিনি আরও স্পষ্ট করে জানান, জুবিন গর্গের নাম নিয়ে কখনও রাজনীতি হওয়া উচিত নয়। নির্বাচনী প্রচার শেষ হওয়ার পরই তিনি শুধুমাত্র শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে এই স্থান পরিদর্শনে এসেছেন। তাঁর কথায়, “জুবিন কোনও রাজনৈতিক বিষয় নন, তিনি অসমবাসীর আবেগ।”

About Author

Advertisement