চেন্নাইয়ে হতে পারে বিগ ব্যাশ লিগের উদ্বোধনী ম্যাচ

IMG-20260519-WA0072

নয়াদিল্লি: ক্রিকেট বিশ্বের জন্য এক ঐতিহাসিক ও রোমাঞ্চকর সূচনার সম্ভাবনা তৈরি হয়েছে। পরিকল্পনা সফল হলে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বাইরে, তাও আবার ক্রিকেটের অন্যতম প্রধান কেন্দ্র ভারতেই অনুষ্ঠিত হতে পারে বিগ ব্যাশ লিগের ম্যাচ।
‎আগামী ডিসেম্বর থেকে শুরু হতে চলা বিগ ব্যাশ লিগের ২০২৬-২৭ মরসুমের উদ্বোধনী ম্যাচ চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আয়োজনের প্রস্তুতি চলছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার এই বিশেষ প্রস্তাবে ইতিবাচক মনোভাব দেখিয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড এবং তামিলনাড়ু ক্রিকেট সংস্থা।
‎এই ঐতিহাসিক সূচনাকে সামনে রেখে সিডনি থান্ডার, মেলবোর্ন স্টারস এবং মেলবোর্ন রেনেগেডসের মতো অস্ট্রেলিয়ার একাধিক জনপ্রিয় দলও ভারতে খেলতে আগ্রহ প্রকাশ করেছে।
‎সম্প্রতি আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ চলাকালীন ক্রিকেট অস্ট্রেলিয়ার পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বিশেষভাবে চেন্নাই সফর করে। তারা স্টেডিয়ামের বিভিন্ন পরিকাঠামো ও আয়োজন খতিয়ে দেখেন।
‎তবে এই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে এখনও অস্ট্রেলিয়া সরকার এবং সংশ্লিষ্ট প্রশাসনিক স্তরে কিছু আনুষ্ঠানিকতা ও চূড়ান্ত আলোচনা বাকি রয়েছে।
‎চেন্নাইয়ের চেপক স্টেডিয়াম এমনিতেই উন্মাদ ক্রিকেটপ্রেমীদের জন্য পরিচিত। ফলে সেখানে বিগ ব্যাশ লিগের উদ্বোধনী ম্যাচ আয়োজন করা গেলে ভারতীয় উপমহাদেশে এই প্রতিযোগিতার জনপ্রিয়তা আরও অনেকটা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।
‎সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ডিসেম্বরেই ভারতীয় ক্রিকেটপ্রেমীরা নিজেদের মাটিতে অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি প্রতিযোগিতার নতুন রোমাঞ্চ উপভোগ করার সুযোগ পাবেন।

About Author

Advertisement