রোম: সপ্তম বাছাই এলিনা স্বিতোলিনা দুর্দান্ত পারফরম্যান্স করে প্রায় দুই ঘণ্টাব্যাপী রোমাঞ্চকর ফাইনালে কোকো গফকে ৬-৪, ৬-৭ (৩), ৬-২ ফলে পরাজিত করে ইতালিয়ান ওপেন টেনিস প্রতিযোগিতার মহিলা এককের খেতাব জয় করেছেন।
কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় বাছাই আরিনা রিবাকিনা এবং সেমিফাইনালে চতুর্থ বাছাই ইগা শ্বিয়ন্তেককে হারিয়ে ফাইনালে ওঠা স্বিতোলিনাকে গতবারের রানার্সআপ গফের বিরুদ্ধে শুরুতেই প্রবল চাপে পড়তে হয়। প্রথম সেটে তিনি ২-৪ ফলে পিছিয়ে ছিলেন।
ম্যাচের মোড় ঘুরে যায় অষ্টম গেমে, যখন গফ ৪০-০ ব্যবধানে এগিয়ে থেকেও পরপর দু’বার ডাবল ফল্ট করেন। এর ফলে স্বিতোলিনা ম্যাচে ফিরে আসার সুযোগ পান। ইউক্রেনের এই খেলোয়াড় নবম গেমে তিনটি ব্রেক পয়েন্ট বাঁচিয়ে নিজের সার্ভিস ধরে রাখেন এবং পরে প্রথম সেট ৬-৪ ফলে জিতে নেন।
দ্বিতীয় সেটে স্বিতোলিনা ও গফের মধ্যে জমে ওঠে হাড্ডাহাড্ডি লড়াই। গফ একাদশ গেমে গুরুত্বপূর্ণ ব্রেক আদায় করেন। এরপর সেট জয়ের জন্য সার্ভিস করতে নামলেও স্বিতোলিনা দুর্দান্ত প্রত্যাবর্তন করে ব্রেক ফিরিয়ে নেন এবং সেট গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে গফ অসাধারণ খেলা দেখিয়ে ৭-৩ ব্যবধানে জয় তুলে নিয়ে ম্যাচে সমতা ফেরান।
নির্ণায়ক সেটে স্বিতোলিনা পঞ্চম ও সপ্তম গেমে ব্রেক করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন। চ্যাম্পিয়নশিপ জয়ের জন্য সার্ভিস করতে নেমে তিনি তিনটি ব্রেক পয়েন্ট বাঁচান এবং শেষ পর্যন্ত ব্যাকহ্যান্ড ভলি মেরে নিজের জয় নিশ্চিত করেন।
এটি রোমে স্বিতোলিনার তৃতীয় একক খেতাব এবং তাঁর কেরিয়ারের ২০তম ডব্লিউটিএ একক শিরোপা। ম্যাচের পর স্বিতোলিনা বলেন, “এটি নিঃসন্দেহে কঠিন লড়াই ছিল। পুরো প্রতিযোগিতায় নিজের পারফরম্যান্সে আমি খুবই খুশি।”
এদিকে, পুরুষ এককে বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার বৃষ্টির কারণে স্থগিত হয়ে যাওয়া সেমিফাইনালে সপ্তম বাছাই দানিল মেদভেদেভকে ৬-২, ৫-৭, ৬-৪ ফলে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন। সেখানে তাঁর মুখোমুখি হবেন ২৩তম বাছাই ক্যাসপার রুড।











