দার্জিলিং: দার্জিলিং পাহাড়, শিলিগুড়ি এবং তরাই অঞ্চলের আইসিডিএস, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিষ্ট। দীর্ঘদিনের বকেয়া সমস্যা ও বিভিন্ন ন্যায্য দাবিদাওয়া নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পাহাড়ি অঞ্চল, তরাই ও ডুয়ার্সের দুর্গম এলাকায় দিনরাত নিরলসভাবে কাজ করে চলা এই সমাজকর্মীদের বিভিন্ন সমস্যার কথা উঠে আসে। সাংসদ বলেন, সমাজের প্রকৃত ভিত্তি হলেন এই কর্মীরাই। ধর্ম, জাতি বা সামাজিক অবস্থান নির্বিশেষে তাঁরা সকলের পাশে সমান সহানুভূতি, মানবিকতা ও নিষ্ঠার সঙ্গে দাঁড়ান। প্রতিটি বাড়িতে পৌঁছে মানুষের প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাঁরা।
আলোচনায় কর্মীদের বেতন বৃদ্ধি, পদোন্নতি, বিভিন্ন সরকারি সুবিধার সম্প্রসারণ, শীতকালীন ভাতা এবং গোটা অঞ্চলে শূন্য পড়ে থাকা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার পদ দ্রুত পূরণের দাবি গুরুত্বের সঙ্গে উত্থাপিত হয়।
রাজু বিস্তা জানান, এই কর্মীরা সবসময়ই এলাকার মানুষের পাশে থেকে অসাধারণ পরিষেবা দিয়ে চলেছেন। তাঁদের সমস্যা সমাধানে তিনি সম্পূর্ণ সহযোগিতা ও দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। উপযুক্ত সরকারি স্তরে বিষয়গুলি উত্থাপন করে যত দ্রুত সম্ভব সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।
সাংসদ আরও বলেন, এই কর্মীদের কল্যাণ তাঁর অগ্রাধিকারের অন্যতম বিষয় এবং তাঁদের ন্যায্য দাবিদাওয়া পূরণে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।











