শিলিগুড়ি: কেরালার প্রায় চার কোটি টাকার মাদক মামলায় বড় সাফল্য পেল পুলিশ। শিলিগুড়ি থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম হিরান কে.কে. এবং অরোমাল। তারা দু’জনই কেরালার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মাসে কেরালায় একটি বড় মাদক চক্রের পর্দাফাঁস হয়। সেই তদন্তেই এই দুই অভিযুক্তের নাম উঠে আসে। এরপর কেরালা পুলিশ একটি বিশেষ তদন্ত দল গঠন করে দেশজুড়ে তল্লাশি অভিযান শুরু করে।
তদন্ত চলাকালীন প্রথমে পুলিশের কাছে খবর আসে যে অভিযুক্তরা গুজরাটে লুকিয়ে রয়েছে। কিন্তু পুলিশ সেখানে পৌঁছানোর আগেই তারা শিলিগুড়ির দিকে পালিয়ে আসে বলে জানা যায়।
সূত্রের খবর, তারা শিলিগুড়ির সেবক রোড এলাকায় লুকিয়ে ছিল। পরে কেরালা পুলিশ ও ভক্তিনগর থানার যৌথ অভিযানে দু’জনকেই গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তাদের জলপাইগুড়ি আদালতে হাজির করা হয়েছে। কেরালা পুলিশ এখন ট্রানজিট রিমান্ডে নিয়ে তাদের কেরালায় ফিরিয়ে এনে তদন্ত চালানোর প্রস্তুতি নিচ্ছে।










