ভোট-পরবর্তী অশান্তি রুখতে আগাম পথে জেলা পুলিশ, দিনহাটায় রুট মার্চ‎‎

IMG-20260429-WA0055

কোচবিহার: বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর সম্ভাব্য অশান্তি রোধে আগাম উদ্যোগ নিল কোচবিহার জেলা পুলিশ প্রশাসন। দিনহাটার বিভিন্ন এলাকার পাশাপাশি গোটা জেলাজুড়ে সতর্কতামূলক পদক্ষেপ জোরদার করা হয়েছে জেলা পুলিশের তত্ত্বাবধানে।‎মঙ্গলবার বিকেলে দিনহাটা এক নম্বর ব্লকের মাতালহাট ও পেটলা-সহ একাধিক স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে রুট মার্চ করে জেলা পুলিশ। এই অভিযানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জসপ্রিত সিং, মহকুমা পুলিশ আধিকারিক প্রশান্ত দেবনাথ এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা।‎এদিন জেলা পুলিশ সুপার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ভোট-পরবর্তী পরিস্থিতি সম্পর্কে তাঁদের আশ্বস্ত করেন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।‎পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে কোনওরকম হিংসাত্মক পরিস্থিতি যাতে তৈরি না হয়, তার জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই উদ্দেশ্যেই স্পর্শকাতর এলাকাগুলিতে নিয়মিত টহল ও রুট মার্চ চালানো হচ্ছে।‎রুট মার্চ চলাকালীন পুলিশ আধিকারিকরা সাধারণ মানুষকে নির্ভয়ে থাকার বার্তা দেন। তাঁরা স্পষ্ট করে জানান, আইনশৃঙ্খলা ভাঙার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, কোনও সমস্যা দেখা দিলে দ্রুত পুলিশকে জানানোর জন্য স্থানীয়দের অনুরোধ করা হয়।‎রুট মার্চ শেষে জেলা পুলিশ সুপার জসপ্রিত সিং বলেন, “ভোট-পরবর্তী হিংসা প্রতিরোধ এবং জেলার সর্বত্র শান্তি বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। আগামী দিনগুলিতেও এই অভিযান অব্যাহত থাকবে।”‎প্রশাসনের এই পদক্ষেপে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে পুলিশ প্রশাসন।

About Author

Advertisement