গ্যাংটক: সিকিমের মুখ্যমন্ত্রী প্রেমসিং তামাং ‘সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী’ সম্মানে ভূষিত হওয়ায় আনন্দ প্রকাশ করে এই সাফল্যের কৃতিত্ব রাজ্যের জনগণকে দিয়েছেন। নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক স্বাস্থ্য নেতৃত্ব সম্মেলনে তাঁর দক্ষ নেতৃত্ব ও কার্যদক্ষতার স্বীকৃতি হিসেবে এই সম্মান প্রদান করা হয়।সম্মান গ্রহণের পর মুখ্যমন্ত্রী আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই গৌরবময় মুহূর্তে তিনি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছেন।মুখ্যমন্ত্রী তামাং এই পুরস্কার সিকিমের জনগণের উদ্দেশে উৎসর্গ করে বলেন, জনগণের অটুট বিশ্বাস ও সমর্থনই তাঁর প্রতিটি সিদ্ধান্ত ও কাজের মূল প্রেরণা।

তিনি স্পষ্টভাবে জানান, এই সম্মান আসলে রাজ্যের সেই নাগরিকদের, যাঁদের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত উন্নয়নের ভাবনা তাঁর সরকারের পথচলাকে সঠিক দিশা দেখিয়েছে।তাঁর মতে, এই সম্মান প্রমাণ করে যে সরকার ও জনগণ একসঙ্গে কাজ করলে বড় সাফল্য অর্জন সম্ভব। ভবিষ্যতে আরও সুস্থ, অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল সিকিম গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, প্রতিটি নাগরিকের কল্যাণই তাঁর সরকারের প্রধান লক্ষ্য হয়ে থাকবে।









