কোচবিহার: কোচবিহার পলিটেকনিক কলেজে ডি সি আর সি এবং স্ট্রং রুম স্থাপন করা হয়েছে। তবে স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি তথা দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ দে ভৌমিক অভিযোগ করেছেন যে স্ট্রং রুমে লাগানো সিসিটিভি ক্যামেরাগুলির মধ্যে একটি ক্যামেরা হঠাৎ বন্ধ হয়ে যায়। তাঁর দাবি অনুযায়ী, কোচবিহার উত্তর ও দক্ষিণ বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুমের পাঁচ নম্বর সিসিটিভি ক্যামেরা শুক্রবার বিকেল প্রায় চারটা নয় মিনিট থেকে হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, স্ট্রং রুমে ইলেকট্রনিক ভোটিং যন্ত্র সংরক্ষণের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। চব্বিশ ঘণ্টা কেন্দ্রীয় বাহিনীর নজরদারি এবং একাধিক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা পর্যবেক্ষণে রাখা হয়। এর মধ্যেই একটি গুরুত্বপূর্ণ ক্যামেরা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা এই ঘটনাকে সন্দেহজনক বলে দাবি করেছেন। তাঁদের বক্তব্য, এত সংবেদনশীল স্থানে নজরদারিতে কোনো ধরনের গাফিলতি গ্রহণযোগ্য নয়। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।
অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে প্রযুক্তিগত ত্রুটির সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আশ্বাস দেওয়া হয়েছে যে নিরাপত্তায় কোনো গাফিলতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।











