কোচবিহারে ৬টি বুথে দেরিতে ভোট শুরু

IMG-20260423-WA0045

কোচবিহার: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ চলাকালীন কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তত ৬টি বুথে ভোট শুরুতে দেরি ও সাময়িকভাবে ভোটগ্রহণ বন্ধ থাকার ঘটনা ঘটেছে। একাধিক বুথে ইভিএমের কন্ট্রোল ইউনিট বিকল হওয়া এবং ভিভিপ্যাট লক হয়ে যাওয়াকে কেন্দ্র করে সমস্যা দেখা দেয়।
নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলে স্থানীয় সূত্র জানিয়েছে, আঙ্গারকাটা প্রাথমিক বিদ্যালয়ের ৩/১৫৪ নম্বর বুথে ভিভিপ্যাট লক হয়ে যাওয়ায় ভোটগ্রহণ স্থগিত থাকে। পরে নতুন ভিভিপ্যাট আনার ব্যবস্থা করা হয় বলে জানা গেছে।
এই পরিস্থিতিতে কোচবিহার উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায় ঘটনাস্থলে গিয়ে প্রিসাইডিং অফিসার ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলেন।
অন্যদিকে দিনহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের ২৮৫ নম্বর বুথে ভোট দেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী উদয়ন গুহ। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ভোট দিতে আসেন।
এদিকে খড়গপুরের সেরোসা স্টেডিয়ামের ২৬৩ নম্বর বুথে ভোট দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ভোট দিয়ে তিনি বলেন, “উৎসবের মেজাজে ভোট হচ্ছে, এবার পরিবর্তন হবেই।” তিনি আরও জানান, আপাতত তিনি বাড়িতেই থাকবেন এবং প্রয়োজনে পরিস্থিতি বুঝে বের হবেন।
রাজ্যজুড়ে সকাল সাতটা থেকে ১৬ জেলার ১৫২টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই বিভিন্ন বুথে ভোটারদের দীর্ঘ লাইন ও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। বিভিন্ন বয়সের ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।
দার্জিলিং জেলার মাটিগাড়া এলাকার একটি বিদ্যালয় কেন্দ্রে নির্বাচন কমিশনের প্রতিনিধি ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের স্বাগত জানানো হয়। একই জেলার সেন্ট জোসেফ কলেজ বুথেও সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়।
কোচবিহারে প্রবীণ ভোটারদেরও ভোট দিতে আসতে দেখা গেছে, ভোটাধিকার প্রয়োগ করতে পেরে তাঁরা সন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে পুরুলিয়ায় শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে জেলা প্রশাসন কন্ট্রোল রুম থেকে পরিস্থিতি নজরদারি করছে।
মালদহের একাধিক বুথেও সকাল থেকে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। প্রাথমিকভাবে রাজ্যজুড়ে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চললেও কিছু কেন্দ্রে প্রযুক্তিগত সমস্যার কারণে দেরি ও বিভ্রাটের ঘটনা উদ্বেগ বাড়িয়েছে।

About Author

Advertisement