কোচবিহার: বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসতেই কোচবিহারে মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মার বাড়ির পাশে বোমা উদ্ধারের ঘটনা সামনে এসেছে। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার গভীর রাতে ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
ঘটনার পর রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূল নেত্রীর অভিযোগ, বিজেপির পক্ষ থেকে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে, যাতে এলাকায় অশান্তি ছড়ানো যায় এবং ভোটের আগে ভয়ের পরিবেশ তৈরি করা যায়।
অন্যদিকে, বিজেপি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। দলের নেত্রী দীপা চক্রবর্তী পাল্টা দাবি করেছেন যে এটি তৃণমূল কংগ্রেসেরই সাজানো ঘটনা। তাঁর মতে, রাজনৈতিক সুবিধা আদায়ের জন্যই এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সক্রিয় রয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং কীভাবে বোমাটি সেখানে এল, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এ ধরনের ঘটনা রাজনৈতিক পরিস্থিতিকেp আরও জটিল করে তুলতে পারে।









