গোটা দেশ বিপদের মুখে, ঈদের মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়

IMG-20260321-WA0113

কলকাতা: পবিত্র ঈদের নামাজের মঞ্চ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবতার বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি কেন্দ্রের নীতিরও তীব্র সমালোচনা করেন এবং বলেন, দেশের ঐক্য ও ভ্রাতৃত্ববোধ রক্ষা করা এখন সবচেয়ে জরুরি।
শনিবার সকালে কলকাতার রেড রোডে ঈদের নামাজে প্রতি বছরের মতো এ বছরও বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। কলকাতা খিলাফত কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইমাম কারি ফজলুর রহমান ঈদের নামাজ পরিচালনা করেন। এক মাসের রোজা শেষে হাজার হাজার মানুষ রেড রোডে নামাজে অংশ নেন।
এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই ‘এসআইআর’ প্রসঙ্গ তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “যারা মানুষের নাম কেটে দিয়ে, তাদের গৃহহীন করে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা ভাবছে, সেখানে নাম কাটা তো দূরের কথা, গর্দান কেটে দিলেও আমরা মাথা নত করব না। সরকার মালিক নয়, তারা কেবল ভাড়াটে। এই দেশ যেমন আমার, তেমনই আপনাদেরও।”
তিনি আরও বলেন, বাংলার ঐতিহ্য হলো মন্দিরের ঘণ্টা এবং মসজিদের আজান একসঙ্গে ধ্বনিত হওয়া। তাঁর কথায়, “কেউ বলছে হিন্দুরা বিপদে, কেউ বলছে মুসলমানরা বিপদে। কিন্তু আমি বলছি, হিন্দুস্তান—অর্থাৎ গোটা দেশই আজ বিপদের মুখে।”
অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন জাতপাতের রাজনীতিরও তীব্র সমালোচনা করেন। তাঁর অভিযোগ, বাংলায় হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। এই ‘অপশক্তি’র বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে দেশভাগের রাজনীতি ও দেশের মালিকানা নিয়ে কেন্দ্রের শাসক দলকে আক্রমণ করে তিনি প্রখ্যাত উর্দু কবি রাহাত ইন্দোরির একটি বিখ্যাত পঙ্ক্তির উল্লেখ করেন। তিনি বলেন, “যে সরকারই নির্বাচিত হয়ে আসুক না কেন, তারা দেশ চালানোর জন্য ভাড়াটে মাত্র, মালিক নয়। এই মাটিতে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান- সবার রক্ত মিশে আছে। তাই এই দেশ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়।”

About Author

Advertisement