বালুরঘাট: আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভা কেন্দ্র থেকে বামফ্রন্ট মনোনীত আরএসপি প্রার্থী হিসেবে অর্ণব চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছে। সোমবার, ১৬ মার্চ বিকেলে প্রার্থীপদ ঘোষণার পর থেকেই বালুরঘাটে রাজনৈতিক উত্তেজনা বাড়তে শুরু করেছে।
অর্ণব চৌধুরী প্রয়াত বিশিষ্ট আরএসপি নেতা এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর পুত্র। দীর্ঘদিন ধরে তিনি দলের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। তিনি আরএসপি-র শিক্ষক সংগঠনের রাজ্য সহ-সম্পাদক এবং জেলা যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন রাজনৈতিক ও শিক্ষক আন্দোলনে তার সক্রিয় ভূমিকার ফলে এলাকায় তিনি পরিচিত মুখ হয়ে উঠেছেন।
প্রার্থী ঘোষণার পর অর্ণব চৌধুরী বামফ্রন্টের কর্মী ও সমর্থকদের নিয়ে দেওয়াল লিখনের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেছেন। বাম শিবির ইতিমধ্যেই নির্বাচনী প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়েছে।
অর্ণব চৌধুরী বলেন, “মানুষের অধিকার রক্ষা, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন, এলাকার স্বাস্থ্য ব্যবস্থার দুরবস্থা দূর করা, বালুরঘাটে একটি পূর্ণাঙ্গ পরিকাঠামোসহ মেডিকেল কলেজ স্থাপন এবং এলাকার সার্বিক উন্নয়নই আমার মূল লক্ষ্য। দলের আদর্শকে সামনে রেখে আমি মানুষের পাশে থাকব।”
বালুরঘাটে বাম সমর্থকদের মধ্যে স্বচ্ছ ভাবমূর্তি এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী অর্ণব চৌধুরীকে ঘিরে নতুন উদ্দীপনা দেখা যাচ্ছে। দলীয় কর্মী-সমর্থকেরা একজোট হয়ে সভা, মিছিল এবং অন্যান্য প্রচারমূলক কর্মসূচি শুরু করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে বালুরঘাটের নির্বাচনী সমীকরণে নতুন পরিবর্তন দেখা যেতে পারে।









