দিনহাটার বিভিন্ন এলাকায় প্রায়ই অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে

IMG-20260309-WA0107

দিনহাটা: বিধানসভার ভোট খুব বেশি দেরি নেই। এরই মধ্যে দিনহাটার বিভিন্ন এলাকায় প্রায়ই অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে অস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ। এই ঘটনাটি ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে। এদিন রাতে দিনহাটা এক ব্লকের বড় আটিয়াবাড়ি এলাকা থেকে তপন রায় নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ওই ব্যক্তির কাছ থেকে একটি বন্দুক উদ্ধার হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বাড়ি দিনহাটা দুই ব্লকের সাহেবগঞ্জ থানার অন্তর্গত রাখালমারি এলাকায়। ভোটের মুখেই অস্ত্র উদ্ধারের ঘটনা নিয়ে বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে আঙ্গুল তোলা হয়েছে। বিজেপির কোচবিহার জেলা সহ সভাপতি বিরাজ বসু বলেন, যত অবৈধ কারবারের সাথে যুক্ত তৃণমূল নেতাকর্মীরা। ভোটের আগে বিভিন্ন জায়গায় যেভাবে অস্ত্র উদ্ধার হচ্ছে এর অধিকাংশ ক্ষেত্রেই জড়িত রয়েছে ওই দলের কর্মী সমর্থকরা। পুলিশ সেভাবে কিছু না বললেও খোঁজ নিলেই বোঝা যাবে যিনি ধরা পড়েছেন তিনি আসলে কাদের লোক। তৃণমূল নেতৃত্বে অবশ্যই বলেন, যত রকম অবৈধ কাজের সাথে যুক্ত বিজেপি নেতাকর্মীরা। বিধানসভা ভোটের দিন যত এগিয়ে আসছে এভাবে সীমান্ত মহকুমা দিনহাটায় প্রায়ই অস্ত্র উদ্ধারের ঘটনাকে ঘিরে যথেষ্ট আলোড়ন ছড়িয়ে পড়ছে। এদিকে,দিনহাটা থানার আইসি কুনাল কান্তি দাস জানিয়েছেন, ওই ব্যক্তি অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে অস্ত্র সহ গ্রেফতার করা হয়। অবৈধ অস্ত্রের বিরুদ্ধে পুলিশের অভিযান চলবে।

About Author

Advertisement