শিলিগুড়ি: ভোটার তালিকায় ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী খেলোয়াড় ঋচা ঘোষের নাম ‘বিচারাধীন’ তালিকায় থাকার ঘটনা সামনে এসেছে। শুধু ঋচাই নন, তাঁর দিদি সোমশ্রী ঘোষের নামও বিচারাধীন তালিকায় রয়েছে বলে জানা গেছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই বাম দল থেকে শুরু করে শাসক দল পর্যন্ত নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।
ঋচার বাবা মানবেন্দ্র ঘোষ জানান, ঋচা বছরের অধিকাংশ সময় রাজ্য বা দেশের বাইরে ক্রিকেট সংক্রান্ত কাজে থাকেন। বিশেষ পুনর্বিবেচনা প্রক্রিয়ার সময় তাঁর নামে শুনানির নোটিস জারি হয়েছিল। ওয়ার্ডের বুথস্তরীয় আধিকারিক প্রয়োজনীয় নথি অনলাইনে জমা দিলেও সমস্যার সমাধান হয়নি। চূড়ান্ত তালিকা প্রকাশের পরও ঋচা ও তাঁর দিদির নাম বিচারাধীন অবস্থাতেই রয়েছে।
রবিবার সকালে ১৯ নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলর মৌসুমি হাজরা ঋচার বাড়িতে পৌঁছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, যিনি দেশের নাম উজ্জ্বল করেছেন, তাঁর নামই যদি ভোটার তালিকায় বিচারাধীন থাকে, তা অত্যন্ত লজ্জাজনক। একজন আন্তর্জাতিক খেলোয়াড়ের ক্ষেত্রে যদি এমন পরিস্থিতি হয়, তবে সাধারণ মানুষের অবস্থা কী হতে পারে। তিনি সোমবার মহকুমা শাসকের দপ্তর পর্যন্ত প্রতিবাদ মিছিলের হুঁশিয়ারি দেন।
অন্যদিকে, সিলিগুড়ির মেয়র গৌতম দেবও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ঋচা শুধু সিলিগুড়ির নয়, সমগ্র ভারতের গর্ব। এটি নির্বাচন কমিশনের গাফিলতির উদাহরণ। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন কেন্দ্র সরকারের নির্দেশে কাজ করছে। পুরো বিষয়টি দলীয় নেতৃত্বকে জানানো হয়েছে।









