কামাখ্যাগুড়ির ঘোড়ামারা রেলগেটে আরওবি তৈরির কাজ শুরু, খুশি সাধারণ মানুষ

Screenshot_20260219_172840_Instagram

কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়িতে রেলের আরওবি তৈরির কাজের উদ্বোধন হল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবড়াইক, কুমারগ্রামের বিধায়ক মনোজকুমার ওরাওঁ, রেলের আলিপুরদুয়ার ডিভিশনের এডিআরএম এস. কামেই সহ অন্যরা। জানা গিয়েছে, ৭৭ কোটি টাকা ব্যয়ে ওই আরওবি তৈরি হবে। রেলের তরফে জানানো হয়েছে, এক বছরের মধ্যে আরওবি তৈরির কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এদিন প্রথমে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যসভার তৃণমূল কংগ্রেস সাংসদ প্রকাশ চিকবড়াইক। তিনি চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পর অনুষ্ঠান মঞ্চে আসেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা, কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজকুমার ওরাওঁ সহ বিজেপির নেতা-কর্মীরা। উদ্বোধনী অনুষ্ঠানে উল্লাসে মেতে উঠতে দেখা যায় বিজেপির নেতা-কর্মীদের। দীর্ঘ আন্দোলনের পর আরওবি তৈরির কাজ শুরু হওয়ায় খুশি এলাকার ব্যবসায়ী মহল থেকে শুরু করে সাধারণ মানুষ। রেলের আলিপুরদুয়ার ডিভিশনের এডিআরএম এস. কামেই বলেন, ‘৭৭ কোটি টাকা ব্যয়ে এখানে আরওবি তৈরি করা হবে। একবছরে মধ্যে আরওবি তৈরির কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।’

About Author

Advertisement