নয়া দিল্লি: ইউরোপের মর্যাদাপূর্ণ ক্লাব ফুটবল প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগএর ২০২৫-২৬ মরশুমের প্রি-কোয়ার্টার ফাইনালের ড্র প্রকাশিত হয়েছে। ড্র অনুযায়ী ইউরোপের শীর্ষ ক্লাবগুলির মধ্যে একাধিক জমজমাট লড়াই দেখা যাবে।
সবচেয়ে বড় আকর্ষণ হবে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি এবং স্পেনের দিগগজ রিয়াল মাদ্রিদের মুখোমুখি সংঘর্ষ। সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপীয় মঞ্চে কঠিন প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা এই দুই দলের লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বিশেষ উত্তেজনা রয়েছে। কোচ পেপ গার্দিওলার নেতৃত্বে সিটি লিগ পর্বে রিয়াল মাদ্রিদকে তাদের ঘরের মাঠে ৩-২ গোলে হারিয়েছিল। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদের সামনে এবার সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ। দুই দলের প্রথম লেগ ১৪ মার্চ মাদ্রিদে অনুষ্ঠিত হবে।
গত মরশুমের চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইনের প্রতিপক্ষ প্রিমিয়ার লিগের চেলসি। উল্লেখযোগ্যভাবে, চেলসি ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনকে হারিয়েছিল, ফলে এই ম্যাচ আরও আকর্ষণীয় হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইংলিশ প্রিমিয়ার লিগে এই মরশুমে শীর্ষে থাকা আর্সেনালের মুখোমুখি হবে জার্মানির বায়ার লেভারকুজেন। অন্যদিকে লিভারপুলের প্রতিপক্ষ তুরস্কের গালাতাসারায়। লিগ পর্বে গালাতাসারায়ের কাছে হারের স্মৃতি থাকায় ইস্তানবুল সফর লিভারপুলের জন্য কঠিন বলে মনে করা হচ্ছে।
স্পেনের শীর্ষ ক্লাব বার্সেলোনা মুখোমুখি হবে ইংল্যান্ডের নিউক্যাসল ইউনাইটেডের। এই মরশুমে নিউক্যাসল দুর্দান্ত ছন্দে থাকায় ম্যাচটি উত্তেজনাপূর্ণ হওয়ার আশা করা হচ্ছে।
প্রিমিয়ার লিগে হতাশাজনক পারফরম্যান্স করা টটেনহ্যামের প্রতিপক্ষ স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদ।
ইতালির একমাত্র অবশিষ্ট দল আটালান্টা মুখোমুখি হবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের।
অন্যদিকে নরওয়ের বোডো গ্লিম্টের প্রতিপক্ষ পর্তুগালের স্পোর্টিং লিসবন।
সব মিলিয়ে প্রি-কোয়ার্টার ফাইনাল পর্বে একাধিক উচ্চমানের ও বহুল প্রতীক্ষিত ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে, ফলে ২০২৫-২৬ মরশুম আরও বেশি রোমাঞ্চকর হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।










