আসানসোল: আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত মণ্ডল–৪-এর পুরাতন এগারার বাদাম বাগান এলাকায় হনুমান মন্দিরের নতুন শেডের উদ্বোধন করা হয়। এই উপলক্ষে ‘পাড়ায়–পাড়ায় দিদিভাই’ উদ্যোগকে আরও শক্তিশালী করে ঘরে ঘরে পৌঁছনোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, কর্মসূচির অংশ হিসেবে আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পালএর উপস্থিতিতে জন প্রতিনিধিরা প্রতিটি বাড়ি ও পরিবারের কাছে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তাঁরা সাধারণ মানুষের প্রয়োজন, প্রাপ্ত পরিষেবা এবং ভবিষ্যৎ প্রত্যাশা সম্পর্কে খোঁজখবর নেন। স্থানীয় সমস্যাগুলি কাছ থেকে বোঝাই ছিল এই সফরের মূল উদ্দেশ্য।
বিরোধী দলের নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে গিয়ে নানা প্রশাসনিক ও রাজনৈতিক বাধার সম্মুখীন হতে হচ্ছে বলে উল্লেখ করা হয়। তবুও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর নেতৃত্বে কেন্দ্র সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প ও উদ্যোগের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াকেও অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয়।
এদিকে, রাজ্যে কর্মসংস্থান ও উন্নয়নের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে বিকল্প উন্নয়নের পথ প্রদর্শনে নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ বলেও দাবি করা হয়েছে।

আগামী দিনে মানুষের সমর্থন পেলে তাঁদের প্রত্যাশা পূরণে আরও কার্যকর ভূমিকা নেওয়া সম্ভব হবে, এমনই বিশ্বাস প্রকাশ করা হয়েছে।










