ওয়াশিংটন: মার্কিন সর্বোচ্চ আদালতের নির্দেশের পর ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত বাণিজ্য বৈঠক স্থগিত করা হয়েছে। শুক্রবার ৬-৩ ভোটে রায় দিয়ে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপের ক্ষেত্রে তাঁর আইনি ক্ষমতার অপব্যবহার করেছেন।
রায় ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দেন এবং নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ হুঁশিয়ারি দিয়ে বলেন, যে কোনও দেশ যদি আমেরিকার বিরুদ্ধে ‘খেলা’ খেলতে চায়, তবে তাদের আরও বেশি শুল্কের মুখোমুখি হতে হবে। তিনি আরও দাবি করেন, এ বিষয়ে তাঁর কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন নেই।
ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি সংক্রান্ত বৈঠক সোমবার ওয়াশিংটনে হওয়ার কথা ছিল। তবে সর্বোচ্চ আদালতের রায়ের পর তা আপাতত স্থগিত রাখা হয়েছে। যদিও ট্রাম্প জানান, ভারত-আমেরিকা চুক্তি নিয়ে মূলত কোনও পরিবর্তন হয়নি।
এই রায়ের পর ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের মতো আমেরিকার সহযোগীরাও নিজেদের বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনা শুরু করেছে বলে জানা গেছে।








