দ্য হেগ: আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) সোমবার ফিলিপাইনসের প্রাক্তন রাষ্ট্রপতি রদ্রিগো দুতের্তের বিরুদ্ধে শুনানি প্রক্রিয়া শুরু করেছে। দুতের্তের বিরুদ্ধে তাঁর শাসনামলে মাদকবিরোধী অভিযানের সময় মানবতার বিরুদ্ধে অপরাধের তিনটি অভিযোগ আনা হয়েছে।
৮০ বছর বয়সী দুতের্তে এই শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন না। দক্ষিণ ফিলিপাইনসের দাভাও শহরে তাঁর মেয়র ও রাষ্ট্রপতি থাকাকালীন সময়ের সঙ্গে যুক্ত অভিযোগগুলির প্রেক্ষিতে প্রসিকিউটররা তাঁর কথিত জড়িত থাকার প্রমাণ পেশ করা শুরু করেছেন।
এই শুনানির উদ্দেশ্য মূল বিচার নয়; বরং অভিযোগপক্ষকে আদালতে তাদের প্রমাণ উপস্থাপনের সুযোগ দেওয়া। বিচারকদের প্রমাণ পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হবে অভিযোগ গ্রহণ করা হবে নাকি খারিজ করা হবে। এ জন্য তাঁদের ৬০ দিনের সময় দেওয়া হয়েছে।
প্রাক্তন রাষ্ট্রপতি দুতের্তে অভিযোগগুলিকে “ঘোর মিথ্যা” বলে আখ্যা দিয়েছেন। মানবাধিকার গোষ্ঠী ও ভুক্তভোগী পরিবারগুলি এই শুনানিকে স্বাগত জানিয়েছে।
দুতের্তের সমর্থকেরা ফিলিপাইনসের বর্তমান রাষ্ট্রপতি ফের্দিনান্দ মার্কোস জুনিয়রের প্রশাসনের সমালোচনা করে বলেছেন, এটি একটি বিতর্কিত আদালতের হাতে বিষয়টি তুলে দেওয়ার চেষ্টা।









