নয়াদিল্লি: প্রখ্যাত মার্কিন টেনিস খেলোয়াড় এবং সাতবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন ভিনাস উইলিয়ামসকে এ বছরের ইন্ডিয়ান ওয়েলস প্রতিযোগিতায় ওয়াইল্ড কার্ডের মাধ্যমে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। প্রতিযোগিতার আয়োজকরা ভিনাসকে ওয়াইল্ড কার্ড দিয়ে প্রবেশাধিকার দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
১–১৫ মার্চ দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় ভিনাস উইলিয়ামস একক এবং যুগল উভয় বিভাগে অংশ নেবেন। প্রতিযোগিতার জন্য ওয়াইল্ড কার্ড পাওয়ায় উদ্দীপ্ত ভিনাস বলেন, “ইন্ডিয়ান ওয়েলসে ফিরে এসে আমি আনন্দিত। উচ্ছ্বসিত সমর্থকদের সামনে খেলার চেয়ে ভালো অভিজ্ঞতা আর কিছু হতে পারে না। আমি আয়োজকদের প্রতি কৃতজ্ঞ, যাঁরা আমাকে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দিলেন।”
প্রাক্তন এক নম্বর এবং চারবারের অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী ভিনাস আগে ইন্ডিয়ান ওয়েলসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। তিনবার তিনি প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছেছেন। সর্বশেষ ২০২৪ সালে তিনি ওয়াইল্ড কার্ডের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।
৪৫ বছর বয়সী ভিনাস ২০২৬ সালে অস্ট্রেলিয়ান ওপেনের মাধ্যমে সিজনের সূচনা করেছিলেন। সেখানে তাকে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে প্রবেশাধিকারের সুযোগ দেওয়া হয়েছিল। প্রথম রাউন্ডে প্রত্যাশিত ফলাফল না পাওয়ার পরও তিনি ওপেন যুগে অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণকারী সর্বাধিক বয়সী খেলোয়াড় হিসেবে রেকর্ড সৃষ্টি করেছিলেন। গত বছর তিনি তার যুগল সঙ্গী লায়লা ফার্নান্দেজের সঙ্গে ইউএস ওপেনে মহিলা যুগলের কওয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন।










