লন্ডন: ব্রিটেনে সরকারি দায়িত্বে থাকা অবস্থায় কথিত অসদাচরণের সন্দেহে গ্রেপ্তার প্রাক্তন রাজপুত্র ইয়র্কের ডিউক প্রিন্স অ্যান্ড্রু কে মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয়।
গ্রেপ্তারের প্রায় ১১ ঘণ্টা পর পূর্ব ব্রিটেনে অবস্থিত তাঁর বাড়ির নিকটবর্তী থানার বাইরে থেকে গাড়িতে বের হতে দেখা যায়। তবে তাঁর বিরুদ্ধে তদন্ত এখনও চলমান রয়েছে।
অ্যান্ড্রুকে ভোরে তাঁর বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তদন্তকারীরা মার্কিন অর্থ ব্যবসায়ী জেফ্রি এপস্টিন এর সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে অনুসন্ধান করছিলেন। পুলিশ তাঁর বাড়িতে তল্লাশি সম্পন্ন করেছে এবং আরেকটি সম্পত্তিতে তল্লাশি অব্যাহত রয়েছে।
এই পদক্ষেপকে অস্বাভাবিক বলে মনে করা হচ্ছে, কারণ দীর্ঘদিন ধরে ব্রিটিশ রাজপরিবারকে জনসমক্ষে বিতর্ক থেকে দূরে রাখার প্রথা প্রচলিত। প্রায় চার শতাব্দীতে এই প্রথম কোনো জ্যেষ্ঠ ব্রিটিশ রাজপরিবারের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
তৃতীয় চার্লস তাঁর ভাইয়ের গ্রেপ্তার প্রসঙ্গে এক বিবৃতিতে বলেন, এই মামলার তদন্তে আইনকে তার নিজস্ব পথে কাজ করতে দেওয়া উচিত।
পুলিশ জানিয়েছে, সরকারি পদে থেকে অসদাচরণের অভিযোগগুলোর গভীর মূল্যায়নের পর আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হয়েছে। মামলার সঙ্গে যুক্ত নথিপত্র সম্প্রতি মার্কিন তদন্তের আওতায় প্রকাশ্যে আনা হয়েছে।










