গ্যাংটক: জেনারালি সেন্ট্রাল বিমা, যা বৈশ্বিক বিমা সংস্থা জেনারালি এবং সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার যৌথ উদ্যোগ, সিকিম ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে সিনিয়র মহিলা ফুটবল লিগ ২০২৬–এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অংশীদারিত্বের ঘোষণা করেছে। এই লিগটি রাজ্যজুড়ে আয়োজিত হবে। লিগ ২৪ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হবে এবং এতে সিকিম, দার্জিলিং ও শিলিগুড়ির শীর্ষ ক্লাবগুলি অংশগ্রহণ করবে।
ছয়টি ক্লাবের মহিলা ফুটবল খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশ নেবেন। ক্লাবগুলি হল: গ্যাংটক হিমালয়ান স্পোর্টিং ক্লাব (সিকিম), সিংলিং স্পোর্টিং ক্লাব (সোরেং, সিকিম), নর্দার্নার্স ফুটবল (মঙ্গন, সিকিম), দার্জিলিং ইলেভেন, চিজাচেন স্পোর্টস অ্যাকাডেমি (সিকিম) এবং মিলন মোড় ফুটবল অ্যাকাডেমি (শিলিগুড়ি)। এই লিগ তৃণমূল স্তর থেকে শীর্ষ লিগে পৌঁছানোর যাত্রায় একটি গুরুত্বপূর্ণ সেতুর ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
এই পদক্ষেপটি সংস্থার বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তির মূল দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে জানানো হয়েছে এবং অঞ্চলে মহিলা ক্রীড়াকে পেশাদার দিশা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এই পৃষ্ঠপোষকতার মাধ্যমে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করে লিগটিকে জাতীয় স্তরে উন্নীত করা এবং অঞ্চলের মহিলা খেলোয়াড়দের জন্য দীর্ঘমেয়াদি পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে সংস্থাটি। মহিলা ক্রীড়ার প্রতি জাতীয় স্তরে বাড়তে থাকা মনোযোগ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের ক্রমবর্ধমান অংশগ্রহণের প্রেক্ষাপটে রাজ্যস্তরের লিগগুলিকে প্রতিভা বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সিকিম ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী মেনলা এথেনপা অংশীদারিত্ব প্রসঙ্গে বলেন, “সিকিমের পাহাড় ফুটবলপ্রেমে ভরপুর, কিন্তু রাজ্যের মহিলা খেলোয়াড়দের জন্য সুযোগ সীমিত ছিল। জেনারালি সেন্ট্রাল বিমা সিনিয়র মহিলা লিগের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে আসা মহিলা ফুটবলের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এই লিগ শুধুমাত্র প্রতিযোগিতা নয়, বরং মহিলা খেলোয়াড়দের জন্য সুযোগ, আত্মবিশ্বাস ও পরিচয়ের একটি মঞ্চ।”
জেনারালি সেন্ট্রাল বিমার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান কার্যনির্বাহী আধিকারিক শ্রী অনুপ রাও বলেন, “সিকিমের অন্যতম প্রধান বিমা সংস্থা হিসেবে আমাদের দায়িত্ব শুধু আর্থিক সুরক্ষা প্রদানেই সীমাবদ্ধ নয়। দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা রাজ্যের সামাজিক ও উন্নয়নমূলক অগ্রাধিকারকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। সিকিমে সিনিয়র মহিলা ফুটবল লিগকে সমর্থন করা অন্তর্ভুক্তি, প্রতিভা বিকাশ এবং দীর্ঘমেয়াদি বৃদ্ধিতে বিনিয়োগের আমাদের কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। রাজ্য স্তরে মহিলা ফুটবলকে শক্তিশালী করে আমরা ভারতীয় ক্রীড়াক্ষেত্রের আরও বৈচিত্র্যময় ও টেকসই ভবিষ্যৎ গঠনে অবদান রাখছি।”
এই উদ্যোগ সম্পর্কে সংস্থার প্রধান বিপণন, গ্রাহক ও প্রভাব আধিকারিক সুস্রী রুচিকা বর্মা বলেন, “আমাদের প্রতিষ্ঠানে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের বিকাশের ভিত্তি। আমাদের কর্মীবাহিনীতে প্রতিবন্ধী ব্যক্তি ও মহিলাদের উল্লেখযোগ্য অংশগ্রহণ রয়েছে, যা প্রবেশযোগ্যতা ও অন্তর্ভুক্তিমূলক বিকাশকে আরও শক্তিশালী করেছে।

ক্রীড়াক্ষেত্রে মহিলাদের সমর্থন করা সুযোগের ক্ষেত্রে সমান অংশগ্রহণের প্রতি আমাদের বিশ্বাসকে প্রতিফলিত করে। বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আমরা প্রতিনিধিত্ব বৃদ্ধি, নেতৃত্বের সুযোগ সৃষ্টি এবং মহিলাদের আকাঙ্ক্ষাকে উৎসাহিত করেছি। সিকিমে সিনিয়র মহিলা ফুটবল লিগের সঙ্গে আমাদের অংশীদারিত্ব এই প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দেয়। এটি প্রতিভাকে স্বীকৃতি দেয়, তৃণমূল স্তরে অনুপ্রেরণা জাগায় এবং এই বিশ্বাসকে আরও দৃঢ় করে যে, যখন মহিলারা ক্ষমতায়িত হন, তখন সমাজ সমৃদ্ধ হয়।”










