কেরালার পাথানামথিট্টা জেলার মল্লাপল্লির ১০ মাসের কন্যাশিশু মৃত্যুর পর অঙ্গদান করে

20260216_202116

কলকাতা: কেরালার পাথানামথিট্টা জেলার মল্লাপল্লির ১০ মাসের কন্যাশিশু অ্যালিন শেরিন আব্রাহাম মৃত্যুর পর অঙ্গদান করে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। জন্মের মাত্র দশ মাসের মধ্যেই তার জীবনাবসান হলেও তার অঙ্গ পাঁচজন মানুষের নতুন জীবন এনে দিয়েছে।
৫ ফেব্রুয়ারি অ্যালিন তার মা ও দাদা-দাদির সঙ্গে কোট্টায়াম থেকে তিরুভল্লার দিকে যাচ্ছিল। পথে এক ভয়াবহ দুর্ঘটনায় সে গুরুতর জখম হয়। হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা তাকে ব্রেন ডেড ঘোষণা করেন।
গভীর শোকের মধ্যেও অ্যালিনের বাবা অরুণ আব্রাহাম এবং মা শেরিন আন জন অসাধারণ সাহস দেখিয়ে তাঁদের কন্যার অঙ্গদান করার অনুমতি দেন। এরনাকুলামের এক হাসপাতালে তার লিভার, কিডনি, চোখের কর্নিয়া এবং হার্ট ভাল্‌ভ দান করা হয়।
অ্যালিনের লিভার তিরুবনন্তপুরমের কিমস হেলথ হাসপাতালে ভর্তি ছয় মাসের এক শিশুর শরীরে প্রতিস্থাপন করা হয়েছে। একই হাসপাতালে আর এক শিশুকে তার একটি কিডনি দেওয়া হয়েছে।
কেরালার স্বাস্থ্যমন্ত্রী ভীনা জর্জ এই সংবেদনশীল সিদ্ধান্তের জন্য পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন অ্যালিনকে রাজ্য সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
অনেকের মতে, অ্যালিনের বাবা-মা প্রমাণ করে দিয়েছেন যে মানবতা শোকের চেয়েও বড়।

About Author

Advertisement